বর্তমান বাজারে আছে গুগলের ১০৮০ পিক্সেলের মডেল, যা প্রায় বছরখানেক আগে বাজারে এসেছিল। গুগলের সাধারণত ক্রোমকাস্টের নতুন মডেল ঘন ঘন বাজারে আসে না। দীর্ঘদিন বিরতি দিয়েই বাজারে আসছে নতুন মডেল।
জানা যায়, প্রতিষ্ঠানটি নতুন গুগল টিভির সঙ্গে নতুন একটি ক্রোমকাস্টও বাজারে আনার পরিকল্পনা করেছে। আরও জানা যায়, নতুন ক্রোমকাস্টের কোডনেম হচ্ছে ‘বোরিয়াল’। আর ৯টু৫ গুগল তাদের সূত্রানুসারে বলছে, এ বছরের শেষের দিকে এটি বাজারে আসতে পারে।
ফাঁস হওয়া তথ্য থেকে এর হার্ডওয়্যার স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি। যদিও সাধারণ হিসাব বলছে, এর প্রসেসরের ক্ষমতা এবং রেজুলেশন আগের থেকে আরেক ধাপ উন্নত হবে।
এক্সডিএ এবং অন্যান্য সূত্র বলছে, ৩১ মার্চের পর অ্যান্ড্রয়েড টিভির জন্য এভি১ ভিডিও ফরম্যাট সমর্থনের প্রয়োজন হবে, যেটি এখন গুগল টিভির সঙ্গে আসা ক্রোমকাস্টে নেই। গুগল সম্ভবত বেশ কিছু সাধারণ দাবির প্রতিও সমর্থন জানাবে। উদাহরণ হিসেবে বলা যায়, স্টোরেজের আকার বাড়ানোর বিষয়টি। এখনকার ক্রোমকাস্টকে প্রতিস্থাপন করবে, না কি উচ্চক্ষমতাসম্পন্ন নতুন মডেল হিসেবে আসবে, তা জানা যায়নি। বাজারে চলতি ক্রোমকাস্ট ৪-কে এইচডিআর সমর্থন করে। এনগ্যাজেট বলছে, এটি পুরনো মডেলের প্রতিস্থাপক হওয়ার সম্ভাবনাই বেশি। তবে আপগ্রেড যথেষ্টই হবে কারণ গুগল নিজেদের মধ্যে একে নতুন কোড নেইম দিয়েছে। গুগল সাধারণত ছোটখাটো আপগ্রেডের জন্য আলাদা নাম দেয় না।