গণপিটুনিতে তিনজন নিহত

১৩ বছরের ছাত্রকে ২৬ বছর দেখিয়ে আদালতে মামলা!

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ‘ডাকাত সন্দেহে’ ৩ যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আদালতে পিটিশন মামলায় ১৩ বছর বয়সী পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রকে ২৬ বছর বয়স দেখিয়ে আসামি করা হয়েছে। তার নাম জুনায়েদ। গণপিটুনিতে নিহত যুবক জহিরুল হকের পিতা হাবিবুর রহমান হবু আদালতে এই মামলা করেন। তবে স্কুলছাত্র জুনায়েদের পরিবারের দাবি, ভোর রাতে হত্যাকান্ড হয়েছে। সকালে তারা ঘুম থেকে উঠে ঘটনা শুনেছেন। ঘটনাস্থলে তাদের পরিবারের কেউ ছিল না।’

গত ১৩ জানুয়ারি ভোর ৫টার দিকে তিন যুবক হত্যার ঘটনায় নারায়ণগঞ্জ আড়াইহাজার থানায় একটি ডাকাতি মামলা ও আরেকটি হত্যা মামলা হয়। এরপর ১৩ বছর বয়সী পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রকে ২৬ বছর বয়স দেখিয়ে আদালতে পিটিশন মামলা হলো।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (গ-অঞ্চল) মো. আবির হোসেন বলেন, ‘একটি ঘটনায় একাধিক মামলা হওয়ার সুযোগ নেই। যেহেতু এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং পুলিশ মামলাটি তদন্ত করছে। বিষয়টি আমরা দেখছি। তবে এই মামলার সূত্র ধরে কেউ যেন হয়রানির শিকার না হয় সেটিও দেখা হবে।’

পঞ্চম শ্রেণির স্কুলছাত্রকে ষড়যন্ত্র করে মামলার আসামি বানানো হয়েছে এমনটা দাবি করে তার প্রতিবাদে গতকাল সোমবার মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে জুনায়েদের মা সুমী আক্তার বলেন, ‘আমার স্বামী ইব্রাহিমকে গত সাত মাস আগে হত্যা করা হয়। স্বামীর হত্যা মামলার আসামিরা ৩ যুবককে পিটিয়ে হত্যা মামলার বাদীর সঙ্গে জোগসাজশ করে আমার পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিশু জুনায়েদকে আসামি করেছে।

জানা যায়, জুনায়েদ স্থানীয় ৯৬ নম্বর ইলমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম  শ্রেণির ছাত্র। তার রোল নম্বর ৩৮। জন্মসনদে তার জন্মতারিখ রয়েছে ১৫-১০-২০০৯ ইং। সে স্থানীয় হাইজাদী ইউনিয়নের ইলমদী এলাকার মৃত ইব্রাহিমের ছেলে বলে জানা গেছে।

মানববন্ধনে জুনায়েদের মা আরও বলেন, ‘ওই তিন ব্যক্তিকে ডাকাত সন্দেহে গণপিটুনি দিয়ে কে বা কারা হত্যা করেছে তা আমরা জানি না। আমরা সকালে ঘুম থেকে উঠে ঘটনা শুনেছি। ঘটনাস্থলেও আমাদের পরিবারের কেউ যায়নি বা ছিল না।’ 

শিশু জুনায়েদের বাবা ইব্রাহিম হত্যার মামলার বাদী আবদুল কাইয়ুম বলেন, ২০২১ সালের ২৯ জুন তার ভাই চাল ব্যবসায়ী ইব্রাহিমকে ইলমদীর কান্দকাপাড়া এলাকার মোজাম্মেলের ছেলে এনামুলসহ আরও বেশ কয়েকজন মিলে হত্যা করে। এ ঘটনায় আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

মানববন্ধনে তিনি অভিযোগ করে আরও বলেন, ‘মামলাটি তুলে নিতে আসামিরা বিভিন্নভাবে আমাদের পরিবারকে হুমকি দিয়ে আসছে। মামলাটি না তোলায় পরিকল্পিতভাবে একে অপরের যোগসাজশে আমি এবং আমার ১৩ বছর বয়সী পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ভাতিজা জুনায়েদের বিরুদ্ধে আদালতে পিটিশন মামলা করা হয়েছে।

ঢাকা জজকোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া (রাশেদ) বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারোর ক্ষতির উদ্দেশ্যে কেউ যদি মিথ্যা মামলা করেন আদালতে অথবা থানায়। তার বিরুদ্ধে প্রচলিত আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে।