দেশীয় ও আন্তর্জাতিক একটি স্বার্থান্বেষী মহল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাসুদ বিন মোমেন। গতকাল সোমবার রাতে রাজধানীর রাজারবাগে পুলিশ মিলনায়তনে পুলিশ সপ্তাহ-২০২২-এর দ্বিতীয় দিনে বাহিনীটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
পুলিশ সপ্তাহের অধিবেশনে এবারই প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাসুদ বিন মোমেন। এতে স্বাগত বক্তব্য রাখেন পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত আইজি মো. কামরুল আহসান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জানান, অবৈধ অভিবাসন রোধে পুলিশের আরও কাজ করার সুযোগ রয়েছে। বিদেশে কর্মরত প্রবাসীদের কল্যাণে পুলিশের প্রবাসী সহায়তা সেল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এছাড়া সাইবার অপরাধ মোকাবিলায় আগাম ব্যবস্থা এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপর জোর দেন।
সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, ‘বাংলাদেশ দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা করছে। এটাকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।’
গতকালের মতবিনিময় সভা পররাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের মধ্যে কাজের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও মন্তব্য করেন পুলিশপ্রধান।
সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তারা প্রবাসী বাংলাদেশিদের আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে বিদেশে বাংলাদেশ দূতাবাসে পুলিশ লিয়াজোঁ অফিসার নিয়োগের গুরুত্ব ও যৌক্তিকতা তুলে ধরেন।