সরকারি গেজেটে পরাজিত ইউপি সদস্য প্রার্থীর নাম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত এক ইউপি সদস্য প্রার্থীর নাম জয়ী হিসেবে গেজেট প্রকাশিত হয়েছে। এতে জয়ী প্রার্থী ও তার সমর্থকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। লোহাগাড়া উপজেলা নির্বাচন অফিসের তথ্যগত ভুলের কারণে তা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

লোহাগাড়ায় চতুর্থ ধাপে গত ২৬ ডিসেম্বর কলাউজান ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। ইউপির ৭ নম্বর ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী ছিলেন সন্তোষ কুমার বড়–য়া (টিউবওয়েল), মো. শাহজাহান (তালা), মাহমুদুল হক (মোরগ)। কলাউজান ডা. এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ওয়ার্ডের ইউপি সদস্যের ভোটগ্রহণ করা হয়। সদস্য পদে মোরগ প্রতীকে মাহমুদুল হক ৮৩৩ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাহজাহান পান ৬৩১ ভোট। কিন্তু সরকারি গেজেটে মো. শাহজাহানকে বিজয়ী হিসেবে দেখানো হয়। এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন রোমান খান জানান, এটি একটি করণিক ভুলের কারণে হয়েছে। গেজেটটি দ্রুত সংশোধন করে পুনরায় প্রকাশিত হবে।