কাঞ্চন-নিপুণে সমর্থন পপির

প্রায় এক বছর কোনো খোঁজ নেই জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির। এর মধ্যে শোনা যায়, তিনি বিয়ে করে সংসারী হয়েছেন, এমনকি মাও হয়েছেন। এত গুঞ্জনের পরও তাকে ক্যামেরার সামনে পাওয়া যায়নি। অবশেষে গতকাল দুপুরে তিনি ক্যামেরার সামনে এলেন। ৫ মিনিট ৩৪ সেকেন্ডের সেই ভিডিওটি এখন আলোচনায়। বিগত দুই মেয়াদে চলচ্চিত্র শিল্পী সমিতির ক্ষমতাসীন একজনকে ইঙ্গিত করে কিছু অভিযোগের কথা তুলে ধরেন তিনি। সরাসরি কারও নাম না নিলেও সবাই ধারণা করছেন লোকটি জায়েদ খান। পপি বলেন, ‘ভেবেছিলাম আর কখনোই ক্যামেরার সামনে আসব না। কিন্তু একজন শিল্পী হিসেবে এবং নিজের কিছু দায়বদ্ধতার জায়গা থেকে আজ কিছু কথা না বললেই নয়। দীর্ঘ ২৬ বছর ইন্ডাস্ট্রিতে সুনামের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। আজ অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলছি, আজ আমি কোথায়! আমি আছি আপনাদের মাঝেই, হয়তো ভাগ্য থাকলে আবারও ফিরব।’ তিনি আরও বলেন, ‘বর্তমান শিল্পী সমিতির একটিমাত্র লোকের কারণে, তার পলিটিক্স এবং তার অনেক রকম অনৈতিক কাজে অসহযোগিতার কারণে আমাকে বারবার অপমানিত হতে হয়েছে। শুধু আমি না, রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমা, নিপুণও অপমানিত হয়েছেন। আমাদের ব্যবহার করে এই চেয়ারটিতে সে বসেছে। আমার মতো শিল্পীকে সদস্য পদ বাতিলের জন্য চিঠি দেওয়া হয়েছে। এত বছর কাজ করার পর এমন আচরণ, একটা শিল্পীর জন্য কতটুকু অপমানের সেটা আমি বুঝতে পারি। ১৮৪ জন শিল্পীও এই কষ্টটা বুঝতে পারবে। এসব কারণে চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। আমার জীবনের হুমকি ছিল। তাই ভেবেছি, কখনো যদি পরিবেশ ভালো হয়, তখনই চলচ্চিত্রে ফিরব।’ ভিডিও শেষে হাত জোড় করে পপি চলচ্চিত্র শিল্পীদের উদ্দেশে বলেন, ‘আমাদের পরীক্ষিত সৈনিক কাঞ্চন ভাই, নিপুণ, রিয়াজদের একটা সুযোগ দেওয়া উচিত। ভালো কাজের জন্য, তারা অন্তত শিল্পীর মূল্যায়ন করবে।’