মোদিকে হাসিনার বার্তা

সমৃদ্ধ অঞ্চল গড়তে ভারতের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দেশটির জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার দেশটির ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ সরকার, জনগণ ও নিজের পক্ষ থেকে মোদিকে পাঠানো এক বার্তায় ‘সমৃদ্ধ অঞ্চল গড়ে তুলতে’ ভারতের সঙ্গে কাজ করারও আশাবাদ ব্যক্ত করেন। খবর বাসস।

বার্তায় শেখ হাসিনা বলেছেন, একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ অঞ্চল গড়ে তোলার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নের জন্য বাংলাদেশ আগামী ৫০ বছর এবং বেশি সময় ধরে ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী।

প্রধানমন্ত্রী বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ২০২১ সালের মার্চ মাসে নরেন্দ্র মোদির ঢাকা সফরটি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।   

শেখ হাসিনা বলেন, ‘আপনার সহৃদয় উপস্থিতি এই অনুষ্ঠানগুলো উদযাপনে বাড়তি উদ্দীপনা যোগ করেছিল এবং আমাদের দুই দেশের মধ্যকার বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় ও জোরদার করেছে।’

২০২১ সালটি বাংলাদেশ-ভারতের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক বছর উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ উপলক্ষে দুই দেশের সম্পর্কের বার্ষিকী যুগান্তকারী অনুষ্ঠান ও সর্বোচ্চ পর্যায়ের সম্পৃক্ততার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।  

শেখ হাসিনা ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারত সরকার ও জনগণের সমর্থনের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে বলেন, এটা দুই দেশের মধ্যে একটি অনন্য সম্পর্কের ভিত গড়ে দিয়েছে।

কভিড-১৯ বৈশ্বিক মহামারীর সময়ে বিদ্যমান ক্ষেত্রগুলো ছাড়াও অনেক নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আমাদের দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ মৈত্রী, সহযোগিতা ও আস্থার অনন্য সম্পর্ক আরও জোরদার ও সুদৃঢ় হয়েছে।

বার্তায় শেখ হাসিনা ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ‘আজাদিকা অমৃত মহোৎসব’ উদযাপন বিশেষভাবে আনন্দপূর্ণ হয়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।