করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণেই সংক্রমণ বাড়ছে। আর এটি প্রতিরোধে ইতিমধ্যে ক্লিনিক্যাল গাইডলাইন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। তিনি বলেন, করোনার নতুন ধরন ওমিক্রনের কারণেই ক্রমাগত সংক্রমণ বাড়ছে। এ সংক্রমণ প্রতিরোধে ক্লিনিক্যাল গাইডলাইন তৈরি করা হয়েছে। এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে। স্বাস্থ্যসংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ইতিমধ্যে তা পাঠানো হয়েছে। ক্লিনিক্যাল গাইডলাইনটি নতুন নতুন তথ্য দিয়েই সাজানো হয়েছে। গতকাল বুধবার করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল বুলেটিনে তিনি এ তথ্য জানান।
ডা. নাজমুল বলেন, ওমিক্রনের যে উপসর্গ আছে, সেই উপসর্গগুলো এতে যোগ করা হয়েছে। এর বাইরে অন্য কোনো উপসর্গ রয়েছে কি না সেটি খুঁজে দেখা হচ্ছে। তবে যাই হোক না কেন, রোগ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে চলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, ‘সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব নিশ্চিত করা, সঠিক নিয়মে মাস্ক পরা, সাবান-পানি দিয়ে হাত পরিষ্কার করা জরুরি। আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে এ অতিমারী নিয়ন্ত্রণ করা সম্ভব।’