বরিশাল নগরীর সিঅ্যান্ডবি রোডের ‘সেইভ দ্যা লাইফ’ নামের একটি মাদক নিরাময় কেন্দ্রে এক যুবককে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
বিষয়টি টের পেয়ে স্বজনরা ওই মাদক নিরাময় কেন্দ্র ও এর মালিক মোস্তাফিজুর রহমান সুমনের মালিকানাধীন একটি রেস্তোরাঁয় হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে।
নির্যাতনের শিকার মো. সোহেল বরিশাল নগরের ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
তাকে অসুস্থ অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
সোহেলের স্বজনরা জানান, মাদকাসক্ত হয়ে পড়লে ১৩ জানুয়ারি সোহেলকে ‘সেইভ দ্যা লাইভ’ নামক মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করানো হয়।
ভর্তির প্রথম দিনে সোহেলকে হাতকড়া পরিয়ে এবং লোহার খাটে রেখে নির্যাতন শুরু হয় এবং খাবারেও তাকে কষ্ট দেওয়া হয়েছে। এই বিষয়টি জানতে পেরে স্বজনরা বুধবার রাতে তাকে নিয়ে যায়। কিন্তু বাসায় ফেরার পরে সোহেল আকস্মিক অসুস্থ হয়ে পড়েন। এতে স্বজনরা ক্ষুব্ধ হয়ে ‘সেইভ দ্যা লাইফ’ ও এর মালিকের রেস্তোরাঁয় হামলা চালিয়ে ভাঙচুর করেন।
এই হামলায় অন্তত ২০ থেকে ৩০ যুবক অংশ নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
সোহেলের স্ত্রী মরিয়ম জেবু জানান, তার স্বামীকে নির্যাতনের ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলার প্রস্তুতি নিয়েছে।
সেইভ দ্যা লাইফের মালিক শাখায়াত হোসেন মিঠু বলেন, মাদকাসক্ত সোহেলকে কোনো নির্যাতন করা হয়নি। বুধবার সন্ধ্যার পর স্বজনরা এসে তাকে বাসায় নিয়ে যায়।
‘কিছুক্ষণ পরেই অন্তত ২০ থেকে ৩০ যুবক একত্রিত হয়ে আকস্মিক দুটি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে আমাদের ৫ কর্মী আহত হলে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে পুলিশের একটি টিম যায়।’
কোতোয়ালি মডেল থানা-পুলিশের সহকারী উপপরিদর্শক সেলিম রেজা জানান, সেইভ দ্যা লাইফ মাদক নিরাময় কেন্দ্রে মাদকাসক্ত যুবককে নির্যাতনের অভিযোগে স্বজনরা দুটি প্রতিষ্ঠানে হামলা করে এমন খবর ছিল। কিন্তু ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তদন্ত করে বিস্তারিত জানাবো।