ওয়েবের বিষয়টা অন্য রকম

গতকাল ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে চিত্রনায়িকা শবনম বুবলীর প্রথম ওয়েব ফিল্ম ‘টান’। এতে তাকে একেবারেই নতুন আঙ্গিকে দেখা যাচ্ছে। সমসাময়িক বিষয়ে কথা বলেছেন তিনি

ওয়েবে প্রথম...

এত দিন চলচ্চিত্রে অভ্যস্ত ছিলাম। চলচ্চিত্রের ভাষা কিছুটা হলেও আত্মস্থ করতে পেরেছি। এবার প্রথম ওয়েবে কাজ করলাম। দুইটা ধরন আমার কাছে দুই ধরনের মনে হয়েছে। আমি যে চলচ্চিত্রগুলোতে অভিনয় করেছি, সেগুলো ছিল বাণিজ্যিক ফর্মুলায় তৈরি। পাঁচটা গান, ১০টা মারপিট, নায়ক-নায়িকার কিছু রোমান্টিক সংলাপ, আর কিছু ড্রামা এই তো! তবে ওয়েবে আসলে বিষয়টা অন্য রকম। এখানে চিৎকার করে বলা সংলাপ নেই, নেই অপ্রাসঙ্গিক মারপিট বা গানের দৃশ্য। এখানে সব কিছু যতটা সম্ভব বাস্তবসম্মতভাবে দেখানো হয়। ‘টান’ আমার প্রথম ওয়েব ছবি। আমি ভাগ্যবতী যে প্রথম ছবিতেই রায়হান রাফির মতো মেধাবী পরিচালক পেয়েছি, সহ-অভিনেতা হিসেবে আছে এই সময়ের তারকা সিয়াম আহমেদ।

টান...

‘টান’ এরইমধ্যে দর্শকের কাছে পৌঁছে গেছে। প্রথম দিনেই দারুণ সাড়া পেয়েছি। সততার সঙ্গে ভালো কাজ করার ইচ্ছা থাকলে দর্শক তা গ্রহণ করবেই। যারা কাজটি দেখেননি, দেখে নিন। গল্প নিয়ে তো এখনই কিছু বলব না। এটুকু বলতে পারি, আমার করা রোমান্টিক চরিত্রটি একেবারেই আলাদা। আমি আগেও রোমাটিক চরিত্রে অভিনয় করেছি। কিন্তু এবারের চরিত্রটা আমাকে অনেক দিন পর্যন্ত ঘোরের মধ্যে রেখেছিল। আমি অন্য কোনো কাজে মন দিতে পারছিলাম না।

সিয়ামের সঙ্গে...

সিয়াম অত্যন্ত মেধাবী অভিনেতা। তার মধ্যে ভালো কাজের ক্ষুধা অনেক। শ্যুটিং স্পটে দেখেছি, কোনো শট একবারে ‘ওকে’ হয়ে গেলেও সে আরও ভালো করার জন্য আরেকবার চেষ্টা করে। সহশিল্পী হিসেবেও যথেষ্ট সহযোগিতাপরায়ণ।

শ্যুটিং...

গত বুধবার সর্বশেষ শ্যুটিং করেছি। মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’ ছবির জন্য একটি আইটেম গানের শ্যুটিং ছিল। এত দিন আমরা গানের ট্র্যাক পেয়ে বাসায় একা একা প্র্যাকটিস করতাম। কিন্তু এবারই প্রথম শ্যুটিং স্পটে গিয়েই প্র্যাকটিস করতে হলো। বিষয়টি বেশ মজার ছিল। শ্যুটিংয়ের এক দিন আগে থেকেই নাচের অনুশীলন করেছি। মূল গানে পারফর্ম করা সব শিল্পী-কলাকুশলী নিয়ে পরিচালক মূল শ্যুটিং স্পটে গানটি অনুশীলন করিয়েছেন। শেষরাত পর্যন্ত চলা সেই প্র্যাকটিসে যদি ক্যামেরা থাকত তাহলে হয়তো ওই দিনই গানটি হয়ে যেত।

নতুন কাজ...

বেশ কয়েকটি ছবির প্রস্তাব আছে। তা ছাড়া ওয়েবে কাজ শুরু করার পর থেকে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম থেকেও ডাক পাচ্ছি। তবে শুরু থেকে আমি যে জিনিসটা মেনে আসছি, এখনো সেটা মানি। তা হলো, চূড়ান্ত না হলে নতুন প্রজেক্ট সম্পর্কে কিছুই বলি না।