১৫ হাজারের নিচে নামছে না রোগী

দেশে চলতি মাসে করোনার রোগী প্রতিদিনই বাড়ছে। কিন্তু গত দুদিন ধরে রোগী ও মৃত্যু আগের তুলনায় বাড়েনি। গত দুদিন ধরে রোগী ১৫ হাজারের ঘরেই অবস্থান করছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা) নতুন রোগী শনাক্ত হয়েছে ১৫ হাজার ৮০৭ জন এবং মৃত্যু হয় ১৫ জনের। এর আগের দিন বুধবার রোগী শনাক্ত হয়েছিল ১৫ হাজার ৫২৭ জন এবং মৃত্যু হয়েছিল ১৭ জনের।

গতকাল বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, গত এক দিনে দেশে ৪৯ হাজার ৪২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩১ দশমিক ৯৮ শতাংশে। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ২৩ লাখ ১০ হাজার ৬৭৭টি। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ১৯ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৬২ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন রোগী নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৪৭ হাজার ৩৩১ জন এবং মৃত্যু হয়েছে ২৮ হাজার ২৮৮ জনের। করোনা মহামারীর শুরু থেকে সবচেয়ে বেশি রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে যে ১৫ হাজার ৮০৭ রোগী শনাক্ত হয়েছে, তাদের মধ্যে ঢাকা মহানগরসহ ঢাকা জেলাতেই শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৯৩ জন। আর বাকি ৭ হাজার ৩১৪ রোগী দেশের অন্যান্য জেলার। এ ছাড়া ঢাকা বিভাগে নতুন শনাক্ত রোগী ৯ হাজার ৭৫৯, ময়মনসিংহে ৩৫৯, চট্টগ্রামে ২ হাজার ১৯৪, রাজশাহীতে ১ হাজার ৫৩, রংপুরে ৩৭৮, খুলনায় ৯৩৪, বরিশালে ৩৬১ এবং সিলেট বিভাগে ৭৬৯ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৫ পুরুষ জন, ১০ নারী জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৮, চট্টগ্রামে ৩, রাজশাহীতে ২ এবং বরিশাল ও রংপুর বিভাগে এক জন করে দুজন মারা গেছে। ৮ জন সরকারি হাসপাতালে ও ৭ জন বেসরকারি হাসপাতালে মারা গেছে।

আরও ৫ জনের নমুনায় ওমিক্রন শনাক্ত : গত রবিবার থেকে গতকাল পর্যন্ত দেশে আরও ৫ জনের নমুনায় ওমিক্রন শনাক্ত হওয়ার খবর দিয়েছে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জায় (জিআইএসএআইডি)। এ নিয়ে দেশে ৬৯ জনের নমুনায় ওমিক্রনে শনাক্ত হওয়ার তথ্য আপলোড করেছে এ সংস্থাটি। এ ছাড়া সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এক সংবাদ সম্মেলন করে ৮ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হওয়ার খবর দেয়। আর এখন পর্যন্ত সরকারি-বেসরকারিভাবে ৭৭ জনের নমুনায় ওমিক্রন পাওয়া গেল দেশে।