ইরাককে হারিয়ে এশিয়া অঞ্চলের বাছাইপর্ব থেকে সবার আগে ২০২২ কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে ইরান। বৃহস্পতিবার তেহরানের আযাদী স্টেডিয়ামে ১-০ গোলে জিতেছে টিম মেলিরা।
ইরানের হয়ে একমাত্র গোলটি করেন পোর্তো ফরোয়ার্ড মেহদি তারেমি। ফেইনুর্দ উইঙ্গার আলি রেজা জাহানবক্সের অ্যাসিস্টে ৪৮তম মিনিটে জালের দেখা পান তিনি। সেই সঙ্গে মোট ছয় এবং টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলা নিশ্চিত হলো ইরানের।
‘এ’ গ্রুপে ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফিফা র্যাঙ্কিংয়ের ২১তম স্থানে থাকা এশিয়ান দলটি। অন্যদিকে সমান ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে পাঁচে ইরাক। দুইয়ে থাকা দক্ষিণ কোরিয়ার সঙ্গে ইরানের পয়েন্ট ব্যবধান ২।
তৃতীয় রাউন্ডের বাছাইপর্বে এক ম্যাচও হারেনি ইরান। গত ৭ ম্যাচের মধ্যে তারা জিতেছে ৬ ম্যাচ। এক ম্যাচ ড্র করে দ. কোরিয়ার বিপক্ষে।