শাহীন আফ্রিদির মুখোমুখি হতে হাত নিশপিশ করছে লাবুশানের

দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। তবে এই সফর নিয়ে বেশ উদ্বিগ্নতার ভেতর দিন কাটছে অজিদের।

সম্প্রতি লাহোরে বোমা বিস্ফোরণে তিনজনের মৃত্যুর পাশাপাশি অন্তত ৩৩ জন আহত হওয়ার খবরে নতুন করে নিরাপত্তা নিয়ে মাথা ঘামাতে হচ্ছে দুই দেশর ক্রিকেট বোর্ডকে।

তবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানায়, পাকিস্তান সফরে খেলোয়াড়দের নিরাপত্তা ও সুস্থতাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে।

তারপরও উদ্বিগ্ন অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন ক্রিকেটার। অবশ্য এ জায়গায় একেবারে ব্যতিক্রম মার্নাস লাবুশানে। টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটার মুখিয়ে আছেন ঐতিহাসিক পাকিস্তান সফরে যাওয়ার জন্য।

অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডের এই ব্যাটার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, পাকিস্তানে যেতে তার তর সইছে না। টুইটারে এক ভক্তের জবাব দিতে গিয়ে ২৭ বছর বয়সী তারকা লেখেন, ‘পাকিস্তানে খেলার জন্য তর সইছে না।’

আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জেতা পেসার শাহীন শাহ আফ্রিদির মুখোমুখি হতে হাত নিশপিশ করছে জানান লাবুশানে। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর ২৩ টেস্টে ৬ সেঞ্চুরিতে ২২২০ রান করেছেন এই ডানহাতি ব্যাটার।

অস্ট্রেলিয়া সর্বশেষ পাকিস্তান সফরে গিয়েছিল ১৯৯৮ সালে, মার্ক টেলরের নেতৃত্বে। এবারের সফরে তিন টেস্ট ও দুই ওয়ানডে সিরিজের পাশাপাশি ও এক ম্যাচের টি-টোয়েন্টি খেলবে অজিরা। ৩ মার্চ, করাচিতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সিরিজের প্রথম ওয়ানডে হবে ২৯ মার্চ।