জমি নিয়ে বিরোধের জেরে রাজশাহীতে রেলওয়ের এক কর্মচারী খুন হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রেলের এক পিয়নকে আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম জহুরুল ইসলাম (৫০)। তিনি শিরোইল কলোনি এলাকার বাসিন্দা। জহুরুল রেলের পোর্টার পদে চাকরি করতেন। তিনি কর্মরত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশনে। তিনি নগরীর ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং রেলওয়ে শ্রমিক লীগের রাজশাহীর ওপেন লাইন শাখার সহসভাপতি ছিলেন।
এ ঘটনায় আটক ব্যক্তির নাম মতিয়ার রহমান (৫০)। তিনি নগরীর হাজরাপুকুর এলাকার বাসিন্দা। মতিয়ার পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের (সিওপিএস) কার্যালয়ের পিয়ন।
নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুল হক সুমন জানান, পোর্টার জহুরুল ইসলাম এমএলএসএস মতিয়ার রহমানকে নিয়ে তার বাড়ির পাশে রেলের একটি পরিত্যক্ত জমি চাষাবাদ করতেন। তবে জমিটি নিয়ে দুজনের ভেতরে দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার দুপুরে হামলার শিকার হয়ে জহুরুল আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, ঘটনার পরই তাৎক্ষণিকভাবে মতিয়ার রহমানকে আটক করা হয়েছে। কেন, কীভাবে হত্যাকাণ্ড ঘটেছে সেসব বিষয় স্পষ্টভাবে জানতে চন্দ্রিমা থানা-পুলিশ কাজ করছে।
আরএমপির চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলী জানিয়েছেন, রামেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে শুক্রবার সন্ধ্যায় পরিবারের কাছে জহুরুলের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।