সাড়ে ৩ বছর নিষিদ্ধ টেইলর

স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পর তা দীর্ঘদিন গোপন করায় জিম্বাবুয়ের সাবেক খেলোয়াড় ব্রেন্ডন টেইলরের নিষেধাজ্ঞা পাওয়া অনুমিতই ছিল। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়ককে সব ধরনের ক্রিকেট থেকে সাড়ে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। গতকাল থেকেই টেইলরের শাস্তির মেয়াদ শুরু হয়েছে। শুক্রবার আইসিসি থেকে বিবৃতিতে জানানো হয়, দুর্নীতিবিরোধী বিধিমালার চারটি ধারা ভাঙার অভিযোগ মেনে নিয়েছেন টেইলর। এছাড়া একটি অ্যান্টি-ডোপিং ধারাও ভেঙেছেন তিনি। টেইলরের ওপর আনীত অভিযোগগুলোর প্রথমটি হলোÑ দুর্নীতিবিরোধী ধারা ভঙ্গ হচ্ছে জেনেও কোনো ধরনের উপহার, অর্থ গ্রহণের সম্পর্কে আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে অবগত না করা। ৭৫০ ইউএস ডলার বা এর বেশি মূল্যের উপহার প্রাপ্তি সম্পর্কে আইসিসিকে না জানানো। শ্রীলঙ্কা বা বাংলাদেশ সিরিজে সম্ভাব্য দুর্নীতির জন্য নেওয়া পদক্ষেপের সম্পূর্ণ বিবরণ প্রকাশ না করা। আর দুর্নীতি দমনবিরোধী ইউনিটের তদন্তে বিলম্ব করানো।