দেড় যুগ পর হৃতিক-কারিনা

হৃতিক রোশন আর কারিনা কাপুর বলিউডের জনপ্রিয় জুটিগুলোর মধ্যে অন্যতম। ‘কাভি খুশি কাভি গাম’, ‘ইঁয়াদে’ বা ‘মুজসে দোস্তি কারোগে’ সিনেমায় এই জুটিকে দর্শক খুব পছন্দ করেছিল। সর্বশেষ তারা একসঙ্গে কাজ করেছেন ২০০৩ সালে ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হু’ ছবিতে। এরপর কেটে গেছে ১৮ বছর। একসঙ্গে দেখা যায়নি তাদের। মাঝখানের এই দেড় যুগে সাইফ আলি খানকে বিয়ে করে দুই পুত্রের মা কারিনা। ওদিকে সুজানের সঙ্গে বিয়ে, দুই ছেলে এমনকি ডিভোর্সও হয়ে গেছে হৃতিক রোশনের। তবে বলিউডে জোর গুঞ্জন, আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন এই জুটি। জানা গেছে, বলিউডের নামি প্রোডাকশন হাউজ ‘জংলি পিকচার্স’-এর পক্ষ থেকে নতুন ছবির জন্য প্রস্তাব দেওয়া হয়েছে হৃতিক ও কারিনাকে। ছবির নামও ঠিক হয়েছে ‘উলাজ’। এই ছবির স্ক্রিপ্ট শুনতে রাজি হয়েছেন দুজনেই। শোনা যায়, দীর্ঘদিন মনোমালিন্য ছিল এই জুটির। এবার সবকিছু কাটিয়ে একসঙ্গে কাজ করবেন তারা। ছবির শ্যুটিং বেশির ভাগ হবে মুম্বাইয়ের বাইরে। তাই কথা চলছে দুজনের ডেট নিয়েও। এখন দেখার বিষয়, কবে সিনেমার কাজ শুরু করেন তারা।

২০০০ সালে মুক্তি পায় ‘কাহোনা পেয়ার হ্যায়’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন হৃতিক। প্রথমে এই সিনেমার নায়িকা ছিলেন কারিনা। শ্যুটিংয়েও যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু কারিনার মা অভিনেত্রী ববিতা বাদ সাধেন। কারণ ছবিটি ছিল নায়ককেন্দ্রিক। সেজন্য মেয়েকে এই ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করতে দেননি ববিতা। কারিনার অভিষেক সিনেমা ছিল অভিষেক বচ্চনের বিপরীতে ‘রিফিউজি’। হৃতিক-কারিনা দুজনই সে বছর ফিল্মফেয়ারের সেরা নবাগত মুখের পুরস্কার জয় করেন। তবে কারিনা ও হৃতিকের কী কারণে মনোমালিন্য তা জানা যায়নি। এবার সব ভুলে একসঙ্গে পর্দায় আসবেন তারা। এবার দেখার অপেক্ষা, ১৮ বছর পর কারিনা ও হৃতিকের অনস্ক্রিন ম্যাজিক কতটা হিট হয়।