করোনাভাইরাসে এক দিনে সর্বোচ্চ মৃত্যু দেখল অস্ট্রেলিয়া। দেশটিতে বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় ৯৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যদিও সংক্রমণের সর্বশেষ ঢেউ থিতিয়ে আসছে এমন আশা করছে দেশটি। ওই সময়েও বিশ্বজুড়ে ১০ হাজারের বেশি মৃত্যুর তথ্য পাওয়া গেছে। আর শনাক্ত হয়েছে ৩৫ লাখের বেশি।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের হিসাবে বৃহস্পতিবার ২৪ ঘণ্টা ও শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্বে মোট শনাক্ত ছাড়িয়ে গেছে ৩৬ কোটি ৭৩ লাখ ৮১ হাজার। আর মৃত্যু ছাড়িয়েছে ৫৬ লাখ ৫৮ হাজার।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন ৯৮টি মৃত্যু নিয়ে অস্ট্রেলিয়ায় কভিড-১৯-এ মৃতের সংখ্যা ৩৫০০ জনে দাঁড়িয়েছে। আর দেশটিতে শনাক্ত ছাড়িয়েছে ২৪ লাখ ৩৮ হাজার।
রয়টার্স বলছে, অতি দ্রুত ছাড়ানো ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে গত চার সপ্তাহে অস্ট্রেলিয়ায় সংক্রমণের ‘বিস্ফোরণ’ ঘটে, এ সময় প্রায় ২০ লাখ রোগী শনাক্ত হয়। তার আগ পর্যন্ত মহামারী শুরুর পর থেকে দুই বছরে অস্ট্রেলিয়ায় মাত্র ৪ লাখ কভিড রোগী শনাক্ত হয়েছিল।
এদিকে ওয়ার্ল্ডোমিটারসের হিসাবে আগের ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে এক দিনে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা গেছে ২ হাজার ৬৮৯ জন। এ সময় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৯৭ হাজার ৩৫১ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত ৭ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার ৩৩৩ জন আক্রান্ত এবং ৯ লাখ ২ হাজার ১৪০ জনের মৃত্যু হয়েছে।
দৈনিক প্রাণহানিতে দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়ায় ২৪ ঘণ্টায় মারা গেছে ৬৬৫ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছে ৮৮ হাজার ৮১৬ জন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ১৪ লাখ ৪ হাজার ৬১৭ জন এবং মারা গেছে ৩ লাখ ২৮ হাজার ৭৭০ জন।
ব্রাজিলে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৬৬২ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছে ২ লাখ ২৮ হাজার ৯৭২ জন। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৪৭ লাখ ৮২ হাজার ৯২২ জন এবং মারা গেছে ৬ লাখ ২৫ হাজার ৬২৫ জন।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর তালিকায় তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৬২৭ জন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৮ হাজার ৬৯৭ জন। মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত ৪ কোটি ৬ লাখ ২০ হাজার ১৯৭ জন এবং মারা গেছে ৪ লাখ ৯২ হাজার ৩৫৬ জন।
ফ্রান্সে নতুন করে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৯২ হাজার ১৬৮ জন এবং মারা গেছে ২৬৮ জন। এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ৮১ লাখ ২২ হাজার ৭২৪ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১ লাখ ৩০ হাজার ১৫ জন।
যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৯৬ হাজার ৮৭১ জন এবং মারা গেছে ৩৩৮ জন। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৪৭৪ জন এবং মারা গেছে ১ লাখ ৫৫ হাজার ৪০ জন।
মেক্সিকোতে গত ২৪ ঘণ্টায় ৫৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৪ হাজার ৩০৮ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৪৮ হাজার ৬২৭ জন। মহামারী শুরুর পর এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ৪৭ লাখ ৭৯ হাজার ২৯৬ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ইতালিতে ৩৮৯ জন, আর্জেন্টিনায় ৩৩৩ জন, কলম্বিয়ায় ২৭৩ জন, পোল্যান্ডে ২৬২ জন, জার্মানিতে ১৮২ জন, কানাডায় ১৮১ জন, স্পেনে ১৭৬ জন, তুরস্কে ১৭৪ জন, দক্ষিণ আফ্রিকায় ১৬০ জন, ইউক্রেনে ১৫৪ জন, ভিয়েতনামে ১২৬ জন, গ্রিসে ১১৩ জনের মৃত্যু হয়েছে।