সিলেটে তথ্যমন্ত্রী

বিএনপি দেশের বিরুদ্ধে সারা দুনিয়ায় অপপ্রচার চালাচ্ছে

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে। এ কারণে তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে। সারা দুনিয়ায় অপপ্রচার চালাচ্ছে। বিএনপি মহাসচিব নিজে স্বাক্ষর করে বিদেশিদের কাছে চিঠি দিচ্ছেন, যাতে বাংলাদেশকে সহায়তা না করা হয়। বিদেশে লবিস্ট নিয়োগ করছে। বিএনপির এসব কর্মকাণ্ড দেশদ্রোহিতার শামিল।

গতকাল শুক্রবার সিলেট সার্কিট হাউজে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ।

বিএনপি অপপ্রচারের জবাব দেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক এখন একটি শক্তিশালী মাধ্যম। ফেইসবুকে শুধু সেলফিবাজি না করে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে হবে, বিএনপি-জামায়াতের অপপ্রচারের জবাব দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। এজন্য দেশের মানুষ খুশি, কিন্তু বিএনপি খুশি হতে পারছে না। তারা “না” রোগে ভুগছে। ইউপি নির্বাচনে তারা যাবে না, নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে তারা যাবে না, সবকিছুতেই না।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘দেশে এখন আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগই। স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দেখা যাচ্ছে, আওয়ামী লীগ প্রার্থী জিতলে নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন দলের বিদ্রোহী প্রার্থী, আবার বিদ্রোহী প্রার্থী জিতলে নিকটতম হচ্ছেন দলীয় প্রার্থী। তবে বৃহত্তর স্বার্থে দলের সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

তথ্যমন্ত্রী সিলেটে শিগগিরই পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র স্থাপনের ঘোষণা দেন এবং সিলেট বেতারের বিদ্যমান সমস্যা নিরসনের আশ্বাস দেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।

বিকেলে তথ্যমন্ত্রী বিটিভির সিলেট উপকেন্দ্র পরিদর্শন করেন এবং সিলেট বেতারে মতবিনিময় সভায় যোগ দেন।