মাদারীপুর জেলার শিবচরের ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের হাজী শরীয়তউল্লাহ সেতুসংলগ্ন সড়কে গতকাল শনিবার রাত ৮টার দিকে একটি প্রাইভেট কারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত এগিয়ে আসেন দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারের যাত্রীদের উদ্ধার করতে। ঠিক তখনই ঢাকামুখী আরেকটি যাত্রীবাহী বাস তাদের ওপর উঠিয়ে দিলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। তাদের মধ্যে তিনজন স্থানীয় বাসিন্দা আরেকজন ওই প্রাইভেট কারের যাত্রী। একই দিন মানিকগঞ্জে বাসচাপায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই, সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় নারীসহ দুজন এবং দিনাজপুরের বিরামপুরে একজনের মৃত্যু হয়েছে বাসের ধাক্কায়। এর বাইরে গত শুক্রবার রাতে ফরিদপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে দুই মোটরসাইকেল আরোহীর।
দেশ রূপান্তরের প্রতিনিধি ও সংবাদাতাদের পাঠানো তথ্যে বিস্তারিত:
আমাদের শিবচর (মাদারীপুর) প্রতিনিধি জানিয়েছেন, গতকাল রাত ৮টার দিকে শিবচরের এক্সপ্রেসওয়ের হাজী শরীয়তউল্লাহ সেতুসংলগ্ন মহাসড়কের একই জায়গা দুই দফায় দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে ঢাকাগামী একটি প্রাইভেট কারকে পেছন দিক থেকে গ্রামীণ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এ সময় প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা দৌড়ে গাড়িটির যাত্রীদের উদ্ধার করতে যান। সে সময় আরেকটি যাত্রীবাহী বাস উদ্ধারকারীদেরসহ প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। সে সময় ঘটনাস্থলেই বাঁচামারা এলাকার মোস্তফা শিকদার (৫৮), রোকেয়া বেগম (৪০) ও ভ্যানচালক মো. লিটু (৪০) মারা যান। এরপর দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেট কার থেকে মো. খলিল মাতুব্বর (৫৮) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
প্রাইভেট কারচালক আহত আশিকুর বলেন, আমি মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিলাম। পেছন থেকে একটি গাড়ি আমাদের গাড়িকে ধাক্কা দেয়। পরে আরও একটি গাড়ি আমাদের গাড়ি ও স্থানীয় লোকজনের ওপর উঠিয়ে দিলে বেশ কয়েক মারা যায়।
শিবচর হাইওয়ে পুলিশ জানিয়েছে, গ্রামীণ পরিবহনের বাসটি আটক করা হলেও অপর যাত্রীবাহী বাসটি তাৎক্ষণিক আটক করা সম্ভব হয়নি।
শিবচর হাইওয়ে পুলিশের ওসি শাখাওয়াত হোসেন জানান, খবর পেয়েই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।
মানিকগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী ও চালক নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টায় জেলার শিবালয় উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হরিরামপুর উপজেলার বড় হাঁপানিয়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম, ইনতাজ খাঁর ছেলে আব্দুর রহমান ও একই গ্রামের অটোরিকশার চালক আব্দুল মোতালেব মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পরপরই বাসটি আটক করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।
গাজীপুর প্রতিনিধি জানিয়েছেন, মহানগরীর কোনাবাড়ী-বাইমাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
কোনাবাড়ী থানার এসআই সুলতান মোল্লা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় নিহতরা হলেন নেত্রকোনার পূর্বধলা থানার জামুদ গ্রামের আব্দুল গনির ছেলে মো. আব্দুল কাদির (৩২) ও একই গ্রামের মৃত শাহ নেওয়াজ খানের ছেলে মো. কাজল মিয়া (৩৬)।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, জেলার সলঙ্গা থানায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী এনজিওকর্মীসহ দুজন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ৮টার দিকে থানার হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের দত্তকুশা এলাকায় ও সকাল সোয়া ৭টার দিকে হাটিকুমরুল-নাটোর মহাসড়কের নাইমুড়ি রুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে। নিহতরা হলেন নাটোরের গুরুদাসপুর উপজেলার গাড়ীশাপাড়া গ্রামের মজিবর রহমানের মেয়ে মাহমুদা আক্তার মিশু (২৫)। তিনি এনডিপি এনজিওর ঘুড়কা শাখায় কর্মরত ছিলেন। অন্যজন রায়গঞ্জ উপজেলার ধামাইনগর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মকবুল হোসেন (৫০)।
দিনাজপুর প্রতিনিধি জানিয়েছেন, বিরামপুরে রাস্তা পারাপারের সময় বিআরটিসির যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দিওড় ইউনিয়নের বিজুল বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার দিওড় ইউনিয়নের বিজুল (কঞ্চিগাড়ী) গ্রামের আব্দুল আজিজ (৭০)। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানিয়েছেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের হামিরদী নামক স্থানে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৪০) ও ভাঙ্গা উপজেলার নওপাড়া গ্রামের আব্দুর রসিদ মির্জার ছেলে ওয়াহিদুজ্জামান বাবু মির্জা (৩৫)। তারা দুজনই সমাজসেবা অফিসে কাজ করতেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ট্রাকটি আটক করতে পুলিশ কাজ করছে।