চুয়াডাঙ্গায় ৩১ লাখ টাকার স্বর্ণের গয়না জব্দ

চুয়াডাঙ্গার দর্শনার নাস্তিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৩১ লাখ টাকা মূল্যের ৪২ ভরি স্বর্ণের গয়না জব্দ করেছে বিজিবি। শনিবার বেলা ১১টার দিকে নাস্তিপুর সীমান্তের জোড়া ব্রিজ এলাকা থেকে এসব গয়না জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল খালেকুজ্জামান।

তিনি জানান, গোপনে খবর পান চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে স্বর্ণের চালান পারাপার হবে। এমন তথ্যে নাস্তিপুর সীমান্তের মেইন পিলার ৮০নং থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জোড়া ব্রিজ এলাকায় অবস্থান নেন বিজিবির বাড়াদী বিওপির সদস্যরা। এ সময় ওই এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৪৯৫ গ্রাম (৪২.৪৪ ভরি) ওজনের উন্নত মানের তৈরিকৃত স্বর্ণের গয়না জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ৮৩ হাজার টাকা।

অধিনায়ক আরও জানান, বারাদী বিওপি কমান্ডার নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন। একই সঙ্গে জব্দকৃত গয়নাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।