শ্রীপুরে ৪৬ বস্তা সার জব্দ

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পিএম

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশায় বহন করার সময় স্থানীয়রা ৪৬ বস্তাসহ সার আটক করেন। পরে কৃষি অফিসে ফোন দিলে তারা প্রাথমিকভাবে সার কেনার উপযুক্ত প্রমাণ না পেয়ে সারগুলো জব্দ করেন। 

বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বদনীভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে সারগুলো জব্দ করা হয়।

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে বদনীভাঙা এলাকা দিয়ে অটোরিকশায় করে মাওনা ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের দিকে সার নিয়ে যাচ্ছিলেন কয়েকজন। সন্দেহ হলে তারা সারবোঝাই তিনটি অটোরিকশা আটক করেন। পরে কৃষি বিভাগ ও পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে সারগুলোর মালিকানা ও কেনার রসিদ দেখতে চাইলে চালকেরা তা দেখাতে পারেননি। পরে কৃষি বিভাগ সারগুলো জব্দ করে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, সারগুলোর মালিক হিসেবে গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের কৃষক আতিকুর রহমানের নাম জানা গেছে। তবে তিনি সার কেনার কোনো রসিদ দেখাতে পারেননি।

কৃষক আতিকুর রহমান দাবি করেন, মঙ্গলবার দুপুরে মাওনা বাজারের ফিরুজ নামের এক ডিলারের দোকান থেকে ৬০ বস্তা সার কিনেছেন তিনি। বুধবার সকালে অটোরিকশা পাঠিয়ে সেগুলো আনছিলেন। এর মধ্যে ১৫ বস্তা আগেই আনা হয়েছিল। বাকি ৪৫ বস্তা আনার সময় স্থানীয়রা আটকে দেন। তিনি জানান, তার ১৫ থেকে ২০ বিঘা জমিতে কলার চাষ রয়েছে। এসব জমিতে ব্যবহারের জন্য সারগুলো কেনা হয়েছে। তিনি ও তার বন্ধু কামরুল চুক্তিভিত্তিক বর্গা চাষ করেন। তাদের জমির চুক্তিপত্রও রয়েছে। কৃষি বিভাগ তদন্ত করে বিষয়টি যাচাই করতে পারে।

তবে ডিলার ফিরুজ মিয়া দাবি করেন, জব্দ করা সার তার দোকানের নয়। অন্য কোনো ডিলারের কাছ থেকে সার কিনে তার নাম ব্যবহার করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা বলেন, বস্তাগুলোতে বিএডিসির লোগো থাকলেও সেগুলো শ্রীপুরের কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বস্তায় কৃষি বিভাগের স্ক্যান নম্বরও পাওয়া যায়নি। কোন ডিলারের কাছ থেকে সারগুলো সংগ্রহ করা হয়েছে, সেটিও শনাক্ত করা সম্ভব হয়নি।

শ্রীপুর উপজেলা জ্যেষ্ঠ কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা বলেন, স্থানীয় কৃষকদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৪৬ বস্তা সার জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে সার কেনার উপযুক্ত প্রমাণ বা রসিদ দেখাতে না পারায় সেগুলো জব্দ করা হয়। কৃষকের জমির পরিমাণ ও চাষাবাদ তদন্ত করে উপযুক্ত প্রমাণ পাওয়া গেলে সার ফেরত দেওয়া হবে। উপজেলা সার মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তদন্তে অবৈধ কিছু পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত