ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের নিমতলা রেলক্রসিং এলাকায় কাভার্ডভ্যান ও প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন।
রোববার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়। প্রাইভেটকারটিতে চালকসহ পাঁচজন যাত্রী ছিল।
নিহতরা হলো, ফরিদপুর সদর উপজেলার মাছচর ইউনিয়নের খলিলপুর এলাকার সরাব উদ্দিন সরদারের ছেলে কামরুজ্জামান হিটু (৪০), মাছচর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বর আলিমুজ্জামান আলীম(৪০) ও একই এলাকার জলিল মৌলভীর ছেলে মাসুদ মৌলভী (৪৩)।
মাসুদ মৌলভী প্রাইভেটকারটির চালক ছিলেন। হিটু ও মাসুদ ঘটনা স্থলেই মারা যান। আলিমুজ্জামান আলীম ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আহত প্রাইভেটকারের অপর দুই যাত্রী জি এম মোর্শেদ প্রিন্স ও শামীম ব্যাপারী। তারা ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় বাসিন্দা মনোয়ার হোসেন জানান, প্রাইভেটকারটি রাজবাড়ীর দিক থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যানটিও ফরিদপুরের দিকে যাচ্ছিল। রেল ক্রসিংয়ের সামনে স্পিড ব্রেকারে কাভার্ডভ্যান গতি কমায়। কিন্তু প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। ফলে প্রাইভেটকারের সামনের অংশ ভেঙেচুরে গেলে ঘটনাস্থলেই দুজন মারা যান।
মাছচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ মুন্সি জানান, আমার ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মেম্বর আলিমুজ্জামান হাসপাতালে মারা গেছেন। বাকি দুজনও একই ওয়ার্ডের বাসিন্দা।
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শরিফুল ইসলাম জানিয়েছেন, নিহত ও আহতরা একটি প্রাইভেটকারে রাজবাড়ী থেকে নিজ বাড়ি ফিরছিলেন। প্রাইভেটকারটি ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের নিমতলা রেলক্রসিং এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হিটু ও মাসুদ নিহত হন।