তামাকজাত দ্রব্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর হার গত বছরের চেয়ে ৪ শতাংশ বেড়ে ৮২ শতাংশে উন্নীত হয়েছে। তবে তামাক নিয়ন্ত্রণের লক্ষ্যে এটা যথেষ্ট নয় বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও তামাক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা।
কারণ হিসেবে তারা বলছেন, এই সতর্কবাণী ৬২ শতাংশ মোড়কের উভয়পাশেই মুদ্রণ করা হয় না। সচিত্র সতর্কবাণীর হার ৫০ থেকে বাড়িয়ে ৯০ শতাংশ জায়গাজুড়ে মুদ্রণের দাবি জানান তারা।
গতকাল রবিবার হোটেল ঢাকা গোল্ডেন ইনে টোব্যাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্চ সেল (টিসিআরসি), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বাংলাদেশ তামাকবিরোধী জোট (বাটা) আয়োজিত এক গবেষণার ফল প্রকাশ অনুষ্ঠানে এসব দাবি জানান তারা।
টিসিআরসি তামাকজাত দ্রব্যের মোড়কের সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বাস্তবায়নের বর্তমান অবস্থা তুলে ধরতে গত সেপ্টেম্বর ২০২১ থেকে ডিসেম্বর ২০২১ পর্যন্ত দেশের ৮টি বিভাগের ২৪ টি জেলার ১ হাজার ৫৫২টি তামাকজাত দ্রব্যের মোড়ক থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে এই গবেষণা করে।