সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী

নিষেধাজ্ঞা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চিঠি পাঠাচ্ছে সরকার

র‌্যাব ও এর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং লবিস্ট গ্রুপের কার্যক্রমের পরিপ্রেক্ষিতে সরকার আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে চিঠি পাঠাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, চিঠিতে দেশের অবস্থা তুলে ধরা হচ্ছে।

গতকাল রবিবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু ১৬তম জাতীয় উশু চ্যাম্পিয়নশিপের উদ্বোধন শেষে পররষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

ড. মোমেন বলেন, ‘র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও লবিস্ট গ্রুপের কার্যক্রমের পরিপ্রেক্ষিতে সরকার আন্তর্জাতিক সংস্থার কাছে চিঠি পাঠাচ্ছে। আমরা বিভিন্ন মিশনকেও চিঠি দিচ্ছি। আমরা একটি ব্রিফিং তৈরি করেছি, সেটা পাঠাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘মার্কিন নিষেধাজ্ঞার ফলে কেউ কেউ জোর পেয়েছেন। এটা নিয়ে ব্যক্তি বিশেষ লেখালেখিও করছেন। তবে আমরা আমাদের অবস্থান তুলে ধরতে চাই।’

এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিয়মিত বৈঠক হয়। আমরা এটা নিয়ে প্রায়ই বৈঠক করি।’