হ্যাটট্রিক জয়ে চলতি বিপিএলের পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৫২ রানে হারিয়েছে ইমরুল কায়েসের দল।
ওপেনার উইল জ্যাকস ঝোড়ো ফিফটি করেও জেতাতে পারেনি চট্টগ্রামকে। ১৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৩ ওভারে ১৩১ রানে অলআউট হয়ে যায় তারা। জ্যাকস ছাড়া আর কেউ লড়াই করতে পারেনি কুমিল্লার বোলারদের সামনে। এই ইংলিশ ব্যাটারের ৪২ বলে ৬৯ রানের ইনিংসটি সাজানো ছিল ৭ চার ও ৩ ছয়ে।
কুমিল্লার হয়ে ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন নাহিদুল ইসলাম। দুটি করে উইকেট ভাগাভাগি করেছেন মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম ও শহীদুল ইসলাম।
এর আগে ফাফ ডু প্লেসি ও ক্যামরুন ডেলপোর্টের বিধ্বংসী ব্যাটিংয়ের ৩ উইকেটে ১৮৩ রানের সংগ্রহ পায় কুমিল্লা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং নেমে শুরুতেই ওপেনার মাহমুদুল হাসান জয়কে (১) হারায় কুমিল্লা। এরপর ডু প্লেসিসকে নিয়ে ৮০ রানের জুটি গড়েন আরেক ওপেনার লিটন দাস।
ফিফটি থেকে তিন রান দূরে রাখতে নাসুম আহমেদের বলে ফেরেন এই উইকেটরক্ষক। তার ৩৪ বলে ৪৭ রানের ইনিংসটি সাজানো ছিল ৫ চার ও ১ ছয়ে। লিটনের আগে জয়কেও সাজঘরে ফেরান নাসুম।
এরপর স্কোরবোর্ডে মাত্র ২ রান জমা পড়তেই অধিনায়ক ইমরুলকে (১) বোল্ড করেন বেনি হাওয়েল। ডেলপোর্ট নামার পর ঝড় বইয়ে দেন ডু প্লেসিস। দুজনে নিরবিচ্ছিন্ন জুটিতে ৪৯ বলে করেন ৯৭।
ডু প্লেসির ৫৫ বলে অপরাজিত ৮৩ রানের ইনিংসটি সাজানো ছিল ৮ চার ও ৩ ছয়ে। ডেলপোর্ট ২৩ বলে ৫১ রানের ইনিংস খেলার পথে ৪ চারের পাশাপাশি হাঁকান ৩ ছয়।
শীর্ষে উঠা কুমিল্লার পয়েন্ট ৩ ম্যাচে ৬। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে চট্টগ্রাম।