পিসবিল্ডিং কমিশন

প্রথম বাংলাদেশি নারী চেয়ার নির্বাচিত

দীর্ঘ ১০ বছর পর আবারও জাতিসংঘের পিসবিল্ডিং কমিশনের চেয়ার হলো বাংলাদেশ। গতকাল মঙ্গলবার নিউইয়র্কে মিসরের কাছ থেকে এক বছরের জন্য এ দায়িত্ব গ্রহণ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা।

আগে এই পদে কোনো নারী ছিলেন না। রাবাব ফাতিমাই প্রথম নারী চেয়ার হিসেবে পিসবিল্ডিং কমিশনে নেতৃত্ব দেবেন।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘পিসবিল্ডিং কমিশনের সক্রিয় সদস্য হিসেবে বাংলাদেশ সব সময় কাজ করেছে। কিন্তু কমিশনে সভাপতিত্ব করার বিষয়টি নিঃসন্দেহে অত্যন্ত সম্মান ও গৌরবের।’ তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘে যারা শান্তি রক্ষার সঙ্গে জড়িত, তারাই শুধু এর সদস্য। বাংলাদেশের ওপর ওই সব সদস্যের আস্থা আছে বলেই তারা আমাদের স্থায়ী প্রতিনিধিকে এক বছরের জন্য সভাপতির দায়িত্ব দিয়েছেন।’

৩০ সদস্যবিশিষ্ট এ কমিটি ২০০৫ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের যৌথ রেজল্যুশনের মাধ্যমে গঠিত হয়। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এবং ২০১২ সালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন প্রথম বাংলাদেশি হিসেবে পিসবিল্ডিং কমিশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।