পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের কলাপাড়ায় যাত্রীবাহী বাসের চাপায় বাইজিদ (১৪) ও সেলিম (৪৭) নামে ইজিবাইকের ২ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
বুধবার সকাল ৮টায় কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের মোহাম্মদপুর ও গামইরতলার বাসিন্দা।
এ ঘটনায় গুরুতর আহত ৩ যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা-মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- মামুন (২৩), মিজান (৩৫) ও আরাফাত (২৪)। এদের সকলের বাড়ি নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
পুলিশ জানায়, ঢাকা থেকে কুয়াকাটাগামী যাত্রীবাহী বাস যমুনা লাইন (ঢাকা মেট্রো ব-১৫-৮৫২১) ঘুটাবাছা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইককে চাপা দিলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই ওই ২ জনের মৃত্যু হয়। পুলিশ বাসটিকে আটক করেছে।
ঘটনার পরপরই চালকসহ হেলপার, সুপারভাইজার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।