উইন্ডিজ সিরিজের আগে ভারতের ৩ ক্রিকেটারের করোনা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে বড়সড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। তিন ক্রিকেটারসহ তাদের কোচিং স্টাফের একাধিক সদস্য করোনা আক্রান্ত হয়েছেন।

সিনিয়র ক্রিকেটার শিখর ধাওয়ানসহ কোভিড-১৯ পজিটিভ হয়েছেন শ্রেয়াস আইয়ার এবং রুতুরাজ গায়কোয়াড।

ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে ৩১ জানুয়ারি থেকে আহমেদাবাদে জড়ো হতে থাকে ভারতীয় ক্রিকেটাররা। তিন দিনের বাধ্যতামূলক আইসোলেশনে প্রবেশ করতে হয় তাদের। সেখানেই করোনা পরীক্ষায় তিন ক্রিকেটার পজিটিভ হন।

সাপোর্ট স্টাফদের মধ্যে আক্রান্ত সংখ্যা- পাঁচজন। তবে তাদের নাম জানা যায়নি।

৬ ফেব্রুয়ারি আহমেদাবাদে প্রথম ওয়ানডে ম্যাচ দুই দলের। যা ভারতীয় ক্রিকেট দলের ১০০০তম ওয়ানডে ম্যাচ। আক্রান্ত তিন ক্রিকেটারের এই ম্যাচ যে খেলা হচ্ছে না তা বলাই যায়।

তাদের এখন বাধ্যতামূলক আইসোলেশনে যেতে হবে। এরপর দুইবার করোনা নেগেটিভ এলে তবেই মুক্তি পাবেন।