দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় গতকাল বুধবার শিশু, শিক্ষার্থী ও শ্রমিকসহ অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে গাজীপুরে মিনিবাস চাপায় এক শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছে। পটুয়াখালীতে বাসচাপায় এক শিক্ষার্থীসহ দুই ইজিবাইক আরোহীর মৃত্যু হয়েছে, সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেছে ইজিবাইকের চালকসহ দুজনের। ময়মনসিংহে পৃথক দুই দুর্ঘটনায় প্রাণ গেছে দুই শিশু শিক্ষার্থীর। চট্টগ্রামের সীতাকুণ্ডতে গাড়ির ধাক্কায় প্রাণ গেছে এক শ্রমিকের। এছাড়া জামালপুরে সিএনজিচালিত অটোরিকশাকে একটি যাত্রীবাহী বাস চাপা দিলে এক ব্যক্তি নিহত হয়েছেন। দেশের ছয় জেলার পৃথক পৃথক এসব দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত আটজন।
দেশ রূপান্তরের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো তথ্যে বিস্তারিত :
গাজীপুর সিটি করপোরেশনের বাসন এলাকায় তাকওয়া পরিবহনের একটি বাস যাত্রীবাহী টেম্পোকে চাপা দিলে এক স্কুল শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই গাজীপুর মহানগরীর ইটাহাটা কড্ডা নান্দুন এলাকার মারুফা বেগম (৫৪) ও স্থানীয় মেধা বিকাশ কিন্ডারগার্টেনের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. লিমন (১২) নিহত হয়।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার এসআই মো. মতিউজ্জামান জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দুটি বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের কলাপাড়ায় যাত্রীবাহী বাসের চাপায় বায়জিদ (১৪) ও সেলিম (৪৭) নামে ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছে। গতকাল সকাল ৮টায় কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা এলাকায় এ দুঘটনা ঘটে। নিহতরা কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের মোহাম্মদপুর ও গামইরতলার বাসিন্দা। পুলিশ বাসটিকে আটক করেছে। তবে চালকসহ হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছে।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কে গতকাল ট্রাকচাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত ও তিন যাত্রী আহত হয়েছেন। নিহতরা হলেন ইজিবাইকের চালক মানিক হালদার (৬০) ও টাঙ্গাইল সদর উপজেলার দীনেশ কুমার (৩৫)।
রায়গঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও ইজিবাইক জব্দ করে থানায় নিয়ে গেছে। ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।
ময়মনসিংহের ভালুকা উপজেলার আংগারগাড়া গ্রামের সড়ক দুর্ঘটনায় আহত আয়াত (৭) চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে ঢাকার একটি হাসপাতালে মারা গেছে। আয়াত উপজেলার ঢাকুরিয়া গ্রামের আজাহারের ছেলে। গত ২২ জানুয়ারি নিজের স্কুলের সামনে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয় আয়াত।
এদিকে জেলার গফরগাঁও উপজেলায় রাস্তা পার হতে গিয়ে টমটমের নিচে চাপা পড়ে আনিশা (৮) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত আনিশা ওই এলাকার প্রবাসী আলামিনের মেয়ে ও স্থানীয় মাইজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
চট্টগ্রামের সীতাকু-ে সড়ক দুর্ঘটনায় শিপইয়ার্ডের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটিয়ারী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. নুর মোস্তফা (৩৫)। তিনি উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের বহরপুর গ্রামের জামাল হোসেনের ছেলে।
জামালপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছে। গতকাল সকালে জামালপুর-ময়মনসিংহ সড়কের নান্দিনা খড়খড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার বাড়ি পাবনা জেলার ঈশ্বরদীতে। তিনি জামালপুর শহরের মৃধাপাড়া এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।