সীমান্তে বর্ডার হাট নির্মাণের ফলে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বর্তমানে আরও উন্নত হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জের কুরমাঘাট–কমলপুর সীমান্ত হাটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে আজ কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নে সীমান্ত এলাকার ১৯০৩/৩৩ এস পিলারের কাছে দুই একর জমিতে এ হাটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। এ সময় বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. এম এ শহীদ এবং ত্রিপুরার শিল্প ও বাণিজ্যমন্ত্রী মনোজ কুমার দেব উপস্থিত ছিলেন।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মাতৃতুল্য। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ক খুবই আন্তরিক। ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তে মোট আটটি সীমান্ত হাট স্থাপন করা হবে। এ পর্যন্ত তিনটি স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি পাঁচটি হাট স্থাপন করা হবে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধ ও দুই দেশের সীমান্ত এলাকার মানুষের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে সীমান্ত হাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ হাটে দুই দেশের মানুষ তাদের চাহিদামতো প্রয়োজনীয় সামগ্রী ক্রয়-বিক্রয় করতে পারবেন।
অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিন, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তারসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।