বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।তিনি এক ছেলে, তিন মেয়ে, স্ত্রীসহ অসংখ্য ভক্ত, অনুরাগী রেখে গেছেন।
বায়তুল মোকাররমের খতিব সালাহউদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পৃথক বিবৃতিতে তারা তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ ছাড়াও তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ শোক প্রকাশ করেছেন।
মাওলানা সালাহউদ্দিনের বড় শ্যালক হাবিবুর রহমান জানান, আজ শুক্রবার বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজের পর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাজধানীর জিগাতলায় দ্বিতীয় জানাজা এবং মিরপুরে তৃতীয় জানাজা শেষে দাফন করা হবে। মাওলানা সালাহউদ্দিনের অসিয়ত অনুযায়ী মিরপুর এলাকায় তার একজন পীরের পাশে তাকে দাফন করা হবে।
মাওলানা সালাহউদ্দিন ঢাকা আলিয়া মাদ্রাসার ৪৪তম অধ্যক্ষ ছিলেন। ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি রাজধানীর মহাখালীর গাউসুল আজম মসজিদের খতিবের দায়িত্বও পালন করেছেন। ২০০৯ সালের ৫ জানুয়ারি তিনি বায়তুল মোকাররম মসজিদের খতিব হিসেবে নিয়োগ পান। খতিব হিসেবে তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। অসুস্থতার কারণে গত কয়েক বছর দায়িত্ব পালন থেকে বিরত ছিলেন।
জাতীয় মসজিদের খতিবের মৃত্যুতে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নররা ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ ইসলামিক ফাউন্ডেশন পরিবার গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।