চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁদপুরের মতলব দক্ষিণের আড়ং বাজার এলাকায় অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আড়ং বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অপর এক যাত্রী আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় একটি মাইক্রোবাস মতলব থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা মতলবের দিকে যাচ্ছিল। আড়ং বাজার এলাকা অতিক্রমকালে মাইক্রোবাস ও অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান একজন। আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বাকি তিনজন মারা যান। নিহতরা হলেন চাঁদপুর পুরান বাজার পশ্চিম শ্রীরামদী এলাকার হারুন বেপারির ছেলে হানিফ বেপারি, চাঁদপুর শহরের নতুন বাজার এলাকার নূপুর, জালাল উদ্দিন মোল্লার ছেলে জসীম উদ্দিন মোল্লা। নিহত অপর ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনায় আহত পপি আক্তার নামে একজন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও মাইক্রোবাসটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।