রেললাইনে দাঁড়িয়ে থাকা এক শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন আব্দুল হাকিম (৫৫) নামে এক ব্যবসায়ী।
শুক্রবার সকালে যশোর শহরের মুজিব সড়কের রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হাকিম রেলগেট পশ্চিমপাড়ার বাসিন্দা ও শহরের সুপরিচিত ‘জেনেভা ওয়াচ’ ঘড়ির দোকানের মালিক।
নিহতের ছোট ভাই মাওলানা রফিকুল ইসলাম জানান, শুক্রবার ভোরে হাঁটতে বের হন আব্দুল হাকিম। হাঁটা শেষে তিনি বাড়িতে ফিরছিলেন।
সকাল ৮টার দিকে রেলগেট পশ্চিম পাশে তার বাড়ির সামনে রেললাইনের ওপর একটি ছোট শিশু দাঁড়িয়েছিল। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেন আসছিল।
তখন ওই শিশুকে টেনে আব্দুল হাকিম রেললাইন থেকে সরিয়ে দেন। কিন্তু নিজে পা পিছলে পড়ে যান। এ সময় চলন্ত ট্রেনের সঙ্গে তার মাথায় ধাক্কা লাগে।
স্থানীয়রা যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল হাকিমকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক শাহীনুর রহমান সোহাগ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
যশোর রেল পুলিশের (জিআরপি) ইনচার্জ এসআই শহিদুল ইসলাম জানিয়েছেন, শিশুটিকে রক্ষা করতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় আব্দুল হাকিমের মৃত্যু হয়েছে।