পাঁচ মোটরসাইকেলসহ ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জেলার ভুয়াপুর উপজেলা জয়পুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ভুয়াপুর উপজেলার নিকলাপাড়া গ্রামের সুমন মিয়া (১৯), বড় জয়পুর গ্রামের সুরুজ্জামান (২৫), ছোট লালছেপাড়া গ্রামের ইমরুল ইমরান (২৬), চন্ডিপুর গ্রামের সাইফুল ইসলাম (২৫), সিরাজগঞ্জ উপজেলা সদরের সয়াশেখা গ্রামের সোহাগ ইসলাম (২১)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং ৫ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। ৫টি মোটরসাইকেলের বর্তমান বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা।

এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ জানান, ৫ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীদের শুক্রবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।