যশোরে রেললাইনে দাঁড়িয়ে থাকা এক শিশুকে রক্ষা করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন এক ব্যবসায়ী। গতকাল শুক্রবার সকালে শহরের মুজিব সড়কের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল হাকিম (৫৫) রেলগেট পশ্চিমপাড়ার বাসিন্দা ও শহরের একটি ঘড়ির দোকানের স্বত্বাধিকারী ছিলেন।
নিহতের ছোট ভাই মাওলানা রফিকুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে রেলেগেটের পশ্চিম পাশে বাড়ির সামনে রেললাইনের ওপর একটি শিশু দাঁড়িয়ে ছিল। এ সময় একটি ট্রেন আসছিল। তখন আবদুল হাকিম ওই শিশুকে টেনে রেললাইন থেকে সরিয়ে দেন। কিন্তু নিজে পা পিছলে পড়ে যান। এসময় চলন্ত ট্রেনের সাথে তার মাথায় ধাক্কা লাগে। স্থানীয়রা যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যশোর রেল পুলিশের (জিআরপি) ইনচার্জ এসআই শহিদুল ইসলাম বলেন, ‘শিশুটিকে রক্ষা করতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় আবদুল হাকিমের মৃত্যু হয়েছে।’