নোভেল করোনাভাইরাসজনিত মহামারীতেও রমরমা চলেছে গুগলের অনলাইন বিজ্ঞাপন ব্যবসা। কভিড-১৯ মহামারীতে প্রতিষ্ঠানটির শেয়ার দর বেড়েছে এক লাফে ২ শতাংশ, যা ওয়াল স্ট্রিটের দেওয়া সমীক্ষার চেয়েও বেশি। বিদায়ী বছরে শেষবেলায় গুগলের বিজ্ঞাপন বিক্রি ৩৩ শতাংশ বেড়েছে। এ সময় মোট বিক্রি ৬ হাজার ১২০ কোটি ডলারে পৌঁছায়, যা প্রত্যাশার চেয়ে অনেক বেশি বলে জানা গেছে।
মঙ্গলবার কোম্পানিটির বিগত বছরের ত্রৈমাসিক মুনাফার প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে প্রতিষ্ঠানটি বলছে, শেষ তিন মাসে তাদের মুনাফার পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৬ কোটি ডলার বা শেয়ারপ্রতি প্রায় ৩১ ডলার, যা ওয়াল স্ট্রিট বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়ে অনেক বেশি। এমন ঘোষণার পরই মূলত কোম্পানিটির শেয়ার মূল্য ৮ শতাংশ বেড়ে যায়।
তথ্য অনুযায়ী, শেষ প্রান্তিকে গুগলের প্রবৃদ্ধি দ্রুত বেড়েছে। মহামারীর কারণে চলমান লকডাউনে মানুষ অনেক বেশি সময় অনলাইনে কাটাচ্ছে। আর তাতেই কোম্পানিটির বিজ্ঞাপন বিক্রি বেড়ে যায়। লকডাউন, হোম অফিসসহ অন্যান্য নানা কারণে অনলাইনকেন্দ্রিক ব্যবসা বেড়ে যাওয়াতেও বিজ্ঞাপন কার্যক্রম বেড়ে যায়। মিডিয়া এজেন্সি মাইন্ডশেয়ার ওয়ার্ল্ডওয়াইডের গ্লোবাল চিফ ডিজিটাল অফিসার টম জনসন বলেন, এটা স্পষ্ট যে অনেক বিজ্ঞাপনদাতা অনলাইনে বিজ্ঞাপনের ক্ষেত্রে তাদের বিনিয়োগে পরিবর্তন এনেছেন। পাশাপাশি এটি একটি স্বল্পমেয়াদি প্রবণতা নয় বরং এটি একটি নতুন বাস্তবতা বলেও জানান তিনি।