ভারতের দিল্লিতে স্কুল, কলেজ, কোচিং ইনস্টিটিউটসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান আগামী সোমবার থেকে খুলে দেওয়া হচ্ছে। গতকাল শুক্রবার দিল্লি সরকারের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে এনডিটিভি। দিল্লির দুর্যোগ ব্যবস্থাপনা কর্র্তৃপক্ষ (ডিডিএমএ) আরও জানিয়েছে জিম, সুইমিং পুল এবং স্পা সেন্টারগুলোও পুনরায় চালু হবে আগামী সপ্তাহ থেকে। রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসৌদিয়া বলেছেন, প্রথম ধাপে ৭ ফেব্রুয়ারি নবম থেকে দ্বাদশ শ্রেণির কার্যক্রম চালু হবে। তবে শিক্ষকদের মধ্যে যারা করোনার টিকা নেননি তারা ক্লাস নিতে পারবেন না। অন্যদিকে নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস চালু হবে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে। জানা গেছে, অফিসে শতভাগ লোক উপস্থিত থাকতে বলা হয়েছে এবং প্রতিষ্ঠানের গাড়ির চালকদেরও অবশ্যই মাস্ক পরতে হবে। কেন্দ্রীয় সরকারের করোনাভাইরাসের সংক্রমণ কমে যাওয়ার তথ্য দেওয়ার পর পুরনায় শিক্ষাপ্রতিষ্ঠান চালুর সিদ্ধান্ত নিল দিল্লি রাজ্য সরকার।
গত বছর মার্চ মাস থেকে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় দিল্লিতে বন্ধ ঘোষণা করা হয় সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। তারপর থেকেই বিদ্যালয়গুলো বন্ধই ছিল। সম্প্রতি স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্য। এতদিন পর্যন্ত দিল্লির স্কুলগুলোয় কেবল নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস চালু ছিল। সোমবার থেকে পুরোপুরি খুলে যাবে স্কুল।