হঠাৎ বৃষ্টিতে হিলির ২৫০ হেক্টর জমির আলু নষ্টের আশঙ্কা

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে মাঘ মাসে হঠাৎ বৃষ্টিতে ২৫০ হেক্টর আলুর ক্ষেতে পানি জমেছে। এতে করে গাছ মরে গিয়ে ও আলুতে পচন ধরার আশঙ্কা তৈরি হয়েছে।

সেই সঙ্গে সরিষার ক্ষেতেও পানি জমেছে আবার অনেক সরিষা গাছের ডাল ভেঙে গেছে। এতে করে আলু ও সরিষার উৎপাদন খরচ ওঠানো নিয়ে সংশয় তৈরি হয়েছে। তেমনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে।

গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে হিলিতে বৃষ্টিপাত শুরু হয়ে তা শুক্রবার দুপুর পর্যন্ত অব্যাহত থাকে বৃষ্টিপাত। এরপর রাত সাড়ে ৮টা থেকে থেমে থেমে সারা রাত বৃষ্টি ঝরে।

এদিকে শনিবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। তবে এখনো বৃষ্টিপাত হয়নি।    

হিলির ইসমাইলপুরের কৃষক ইনছান আলী বলেন, এক বিঘা জমিতে আলু আবাদ করতে ১৫ থেকে ২০ হাজার টাকার মতো আমাদের খরচ হয়েছে। কিন্তু হঠাৎ করে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার দিনভর বৃষ্টিপাতের কারণে আমাদের যে ক্ষয়ক্ষতি হলো তা বলে বোঝানো যাবে না।

আমরা একটা আলুও ক্ষেত থেকে তুলতে পারবো না এমন অবস্থা হয়ে গেছে। আর কয়দিন পরে এসব আলু ওঠানো হতো এমন সময় বৃষ্টিপাতে আমাদের তৈরি আবাদ একেবারে নষ্ট হয়ে গেল। আমাদের যে পরিমাণ খরচ হয়েছে তার একটি টাকাও আমরা তুলতে পারবো না।

অপর কৃষক আব্দুল আলিম বলেন, এক বিঘা জমিতে ২০ থেকে ২৫ হাজার টাকার মতো খরচ হয়েছে খেয়ে না খেয়ে ধারদেনা করে এবারে ৩ বিঘা জমিতে আলু লাগিয়েছিলাম কিন্তু এখন কি করবো সেই চিন্তায় আমরা দিশেহারা হয়ে পড়েছি। এই বৃষ্টিপাতের কারণে আলুতে পচন দেখা দেবে আবার দাগ দেখা দেবে যার কারণে সেই আলু বাজারে বিক্রি করতেও পারবো না।

হাকিমপুর উপজেলা কৃষি অফিসার ড. মমতাজ সুলতানা বলেন, মাঘ মাসের হঠাৎ বৃষ্টিতে উপজেলায় ২৫০ হেক্টর জমির আলুর ক্ষেতে পানি জমেছে। এ ছাড়া কিছু সরিষা ও গমের জমিতে পানি জমে আছে।আমরা তাদের পরামর্শ দিচ্ছি সেই ক্ষেতগুলো থেকে দ্রুত পানিগুলো বের করে দিতে। যদি এসব জমি থেকে দ্রুত পানি বের করা যায় ও আবহাওয়া ভালো হয় আর যদি পানি না হয় তাহলে সমস্যা হবে না।

আবহাওয়া অধিদপ্তর দিনাজপুরের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, আজ দিনাজপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪/৫ কিলোমিটার। বৃষ্টির পরিমাণ দিনাজপুরে রেকর্ড করা হয়েছে ৫৯মিলিমিটার। আজ বিকেল থেকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।