দেশে প্রথমবারের মতো নিজস্ব গার্মেন্টস পল্লি তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় এ সংগঠন চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে পাঁচশ একর জমির ওপর তৈরি করতে যাচ্ছে গার্মেন্টস পল্লি।
শনিবার বেলা প্রায় ১২টার দিকে সংগঠনটির সভাপতি ফারুক হাসানসহ শীর্ষ নেতারা এটি পরিদর্শনে আসেন।
নিজেদের জন্য বরাদ্দ পাঁচশ একরের প্লট পরিদর্শন শেষে বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান সাংবাদিকদের বলেন, ‘সরকারের বেজা (বাংলাদেশ ইকোনমিক জোন অথোরিটি) থেকে আমরা পাঁচশ একর জমি নিয়েছি। এগুলো আমাদের মেম্বারদের কাছে ইতিমধ্যে বরাদ্দও দেয়া হয়েছে। তবে আমরা এগুলো এখনো বুঝিয়ে দিতে পারিনি।’
প্লট বরাদ্দ হলেও কেন বুঝিয়ে দিতে পারলেন না এমন প্রশ্নের জবাবে ফারুক হাসান বলেন, ‘আমরা দেখলাম সমুদ্রপৃষ্ঠ থেকে প্লটের উচ্চতা সঠিক পরিমাপে করা হয়নি। আবার সমুদ্রের পাশে প্লট প্রোটেকশন ওয়াল স্থাপন করা হয়নি। এ ছাড়া প্লট উন্নয়নের জন্য ভেতরে যে সড়ক দরকার এটিও এখনো করা হয়নি। এসব বিষয় নিয়ে আমরা ঢাকায় বেজা কর্মকর্তার সঙ্গে বৈঠক করব।’
কবে নাগাদ বিজিএমইএ গার্মেন্টস পল্লিতে কারখানা নির্মাণকাজ শুরু করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তো চাই আগামী কালকেই করতে, কিন্তু তা-তো আর হচ্ছে না। তবে আশা করছি সহসা আমরা উদ্যোক্তাদের প্লট হস্তান্তর করতে পারব এবং তারা দ্রুততম সময়ের মধ্যে কারখানা নির্মাণকাজ শুরু করবে।’
এদিকে বিজিএমইএ সভাপতি পরিদর্শনকালে নানা সমস্যা নিয়ে কথা বলেন বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কর্মকর্তাদের সঙ্গে। এ সময় বেজাকে তারা প্লটের নানান সমস্যার দিক তুলে ধরে তা দ্রুত সমাধানের অনুরোধ জানান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, পরিচালক আবু হাসনাত চৌধুরী প্রমুখ।