থাইল্যান্ডের ব্যাঙ্ককে অস্ট্রেলিয়ার দূতাবাসে নারীদের টয়লেটে গোপন ক্যামেরা বসানোর দায়ে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র দফতর শনিবার এ খবর দিয়েছে।
আটক ব্যক্তি থাইল্যান্ডের নাগরিক এবং ব্যাঙ্ককের অস্ট্রেলীয় দূতাবাসেরই প্রাক্তন কর্মী। দূতাবাসে নারীদের টয়লেটে বসানো একাধিক গোপন ক্যামেরা পাওয়ার পরে তদন্তে নেমে তাকে থাইল্যান্ডের পুলিশই গ্রেফতার করে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র দফতর।
রয়্যাল থাইল্যান্ড পুলিশ জানিয়েছে, গত ৬ জানুয়ারি নারীদের টয়লেটের মেঝেতে এসডি কার্ড পাওয়া যাওয়ার পরে বিষয়টি নজরে আসে। দূতাবাস কর্তৃপক্ষ পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু হয়। সেই সূত্রেই সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।