যশোরে জেলা যুবদলের সমাবেশে পুলিশি হামলার অভিযোগ উঠেছে। অতর্কিত পুলিশের লাঠিপেটায় অন্তত ২৫ জন কর্মী আহত হয়েছেন।
শনিবার জেলা বিএনপির কার্যালয়ে জেলা যুবদলের প্রতিবাদ সমাবেশে এই লাঠিপেটার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১০ জন যশোর আড়াইশ জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাকিরা স্থানীয় একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্র থেকে চিকিৎসা নিয়েছেন।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা জানান, শনিবার জেলা বিএনপির কার্যালয়ে জেলা যুবদলের প্রতিবাদ সমাবেশ চলছিল। সিরাজগঞ্জে যুবদল নেতা আকবার আলী হত্যার প্রতিবাদে এই সমাবেশ চলছিল। সমাবেশ শুরু হবার সঙ্গে সঙ্গেই পুলিশ এসে লাঠিপেটা করে।
জেলা যুবদলের সভাপতি তমাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত জানান, শান্তিপূর্ণ প্রতিবাদে ডিবি পুলিশের একটি দল এসে বেপরোয়াভাবে লাঠিপেটা করে। এতে আমাদের কমপক্ষে ২৫ জন কমবেশি আহত হয়েছেন। এই ঘটনা লজ্জার। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। ভবিষ্যতে আর কোনো ঘটনা ঘটুক তা দেখতে চাই না।
যশোর ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, অনুমতি ছাড়াই সমাবেশ করেছে যুবদল। মানা করা হলে তারা আমাদের ওপর হামলা করে। হামলা ঠেকাতে পুলিশ লাঠিপেটা করেছে।