জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, সরকার বৈধভাবে সোনা আমদানির অনুমতি দিলেও চোরাচালান বন্ধ হয়নি। সোনা চোরাচালান সম্পূর্ণভাবে বন্ধ হবে কি না, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। গতকাল দুপুরে এনবিআরের সম্মেলন কক্ষে ১৩তম ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইসের (ইএফডি) লটারির ড্র অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এনবিআর চেয়ারম্যান বলেন, সোনা আমদানির বিষয়ে আমরা গত দুই বছরে নানাভাবে নীতিসহায়তা দেওয়ার চেষ্টা করেছি, যাতে সোনা আমদানি হয়; চোরাচালান বন্ধ হয়। আমি জানি না- তার পরও কেন সোনা আমদানিতে তেমন সাড়া দেখা যাচ্ছে না, চোরাচালানেও তেমন ভাটা পড়েনি। তার পরও আমরা চেষ্টা করছি চোরাচালান কীভাবে প্রতিরোধ করা যায়। সোনা আমদানি সহজ করতে আগামী বাজেটে ব্যবস্থা নেওয়া হবে।
এখনো সোনার বড় বড় চালান ধরা পড়ার ঘটনা তুলে ধরে তিনি বলেন, সোনা চোরাচালান বন্ধ করা খুবই কঠিন, এটা আমাদের জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সোনা চোরাচালানের সঙ্গে শুধুমাত্র দেশের সোনা ব্যবসায়ীরা জড়িত নয়, সোনা চোরাচালানের নানাবিধ কারণ আছে।
এনবিআর চেয়ারম্যান বলেন, চোরাচালানের সঙ্গে এই শিল্পের সঙ্গে জড়িত দেশীয় সোনা ব্যবসায়ীরা হয়তো জড়িত নয়। এরসঙ্গে দেশের অভ্যন্তরে ও বাইরে অনেক অবৈধ ব্যবসায়ী জড়িত। তিনি মনে করেন, অবৈধ নানা কাজে জড়িতদের পেমেন্টের মাধ্যম গোল্ড হয়। সে কারণে সোনা চোরাচালান শুধু রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য হয়তো নয়। সেজন্য হয়তো গোল্ড স্মাগলিং সম্পূর্ণভাবে বন্ধ করা যাবে কি না জানি না। নানাভাবে স্মাগলিং হচ্ছে এটা হচ্ছে বাস্তব বিষয়।
তবে রাজস্ব ভারের কারণে স্মাগলিংয়ের প্রবণতা হচ্ছে কি না সেটাকে আমরা দেখার চেষ্টা করছি, বলেন মুনিম। আগামী বাজেটে সোনা আমদানি সহজ করতে আরও কিছু করা যায় কি না, সে বিষয়ে সরকার চিন্তা করবে বলে তিনি জানান।
২০১৮ সালের শেষ দিকে সরকার সোনা আমদানির জন্য নীতিমালা প্রণয়ন করে। এরপর ২০২০ সালের ৩০ জুন প্রথমবারের মতো ডায়মন্ড ওয়ার্ল্ড প্রথম বারের মতো ১১ কেজি সোনা আমদানি করে। এরপর আর কোনো উদ্যোক্তার সোনা আমদানির তথ্য পাওয়া যায়নি।
এদিকে অনুষ্ঠানে ইএফডি মেশিনের মাধ্যমে ভ্যাট সংগ্রহের সময় পণ্যের মূল্যের সঙ্গে সমন্বয় করে ভ্যাট নেওয়ার আহ্বান জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, পণ্যের মূল্যের মধ্যেই ভ্যাট দেওয়া থাকবে। ক্রেতা পণ্য কেনার পর আলাদা করে ভ্যাট নেওয়া যাবে না।
অনুষ্ঠানে গত জানুয়ারি মাসে ইএফডি মেশিনের মাধ্যমে পণ্য ক্রয় করা ক্রেতাদের লটারি অনুষ্ঠিত হয়েছে।