চট্টগ্রামের সীতাকুন্ডের সোনাইছড়িতে খালের সীমানা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে দুই শিপইয়ার্ড কোম্পানিকে। জেলেদের নৌকা যাতায়াতের জন্য ৪০ ফুট খাল উন্মুক্ত রাখতে জিরি সুবেদার ও সিকো শিপইয়ার্ড মালিককে নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রশাসনের এ সিদ্ধান্ত না মানলে ইয়ার্ডের লিজ বাতিল করা হবে বলে সতর্ক করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা প্রশাসনের এক জরুরি সভাশেষে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর আগে শনিবার দেশ রূপান্তরে ‘সীতাকুন্ডে খাল দখল করে শিপইয়ার্ড’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
জানা যায়, গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে জরুরি সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি দুই শিপইয়ার্ডের প্রতিনিধিদের রাখা হয়। সভার সিদ্ধান্তসমূহের মধ্যে রয়েছে জিরি-সুবেদারকে তাদের সীমানা প্রচীরের কাছে পুঁতে রাখা সব লোহার পাত তুলে ফেলতে হবে, খালের মুখ থেকে তাদের বার্জ (বিকল জাহাজ টেনে আনার যন্ত্র) সরিয়ে ফেলতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ‘উপস্থিত সব পক্ষ এসব সিদ্ধান্ত মেনে নিয়েছে।’