মোটরসাইকেল আরোহী দম্পতিকে লেগুনাচাপা

রাজশাহীর পুঠিয়ায় লেগুনাচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী নিহত ও স্ত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৯টার দিকে ঢাকা-রাজশাহী সড়কের বানেশ^র কলাহাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মিজানুর রহমান (৪৫)। তার স্ত্রী আয়েশা বেগমকে (৪০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আয়েশা দুর্গাপুর পল্লীবিদ্যুৎ অফিসে কর্মরত।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে মোটরসাইকেল নিয়ে মিজানুর রহমান তার স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে দুর্গাপুর অফিসে যাচ্ছিলেন। পথে বানেশ^র কলাহাটার সামনে আসতেই পেছন থেকে একটি লেগুনা চাপা দিলে মিজানুর রহমান এবং তার স্ত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মিজানুর রহমানকে মৃত ঘোষণা করা হয়।

এদিকে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে গতকাল নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বালুবোঝাই একটি ট্রাক্টর উল্টে রবিউল ইসলাম (২৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে কিশোরগঞ্জের হোসেনপুরে গাড়িচাপায় অনিল পাল (৬১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের টহল ভ্যানের ধাক্কায় আহত দিনাজপুর শিক্ষা বোর্ডের উচ্চমান সহকারী মৃত্যু হয়েছে। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

কিশোরগঞ্জে বৃদ্ধ নিহত : কিশোরগঞ্জের হোসেনপুরে গাড়িচাপায় অনিল পাল (৬১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার রামপুর বাজারসংলগ্ন এলাকায় ফকিরবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। অনিল পাল উপজেলার রামপুর গ্রামের বাসিন্দা। তিনি রামপুর বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন।

হোসেনপুর থানার ওসি শেখ মো. মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নীলফামারীতে ট্রাক্টর উল্টে শ্রমিক নিহত : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বালুবোঝাই একটি ট্রাক্টর উল্টে রবিউল ইসলাম (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হন ট্রাক্টরচালক কবির হোসেন (২৬) ও অপর শ্রমিক রিপন ইসলামসহ (২৫) দুজন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে পুঁটিমারী ইউনিয়নের সালামের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বালুবোঝাই ট্রাক্টর এনে তারা সালামের মোড়ে আনলোড করছিলেন। এ সময় ট্রাক্টরের ডালার (ট্রলি) জাগ ভেঙে গেলে ট্রাক্টরটি উল্টে যায়। ওই সময় চাপা পড়েন হতাহতরা।

পুলিশের টহল ভ্যানের ধাক্কায় নিহত ১ : দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের টহল ভ্যানের ধাক্কায় আহত দিনাজপুর শিক্ষা বোর্ডের উচ্চমান সহকারী ক্যালিগ্রাফি মোছা. সুফিয়া খাতুনের (৪২) মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় তিনি জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্স ইনস্টিটিউটে মৃত্যুবরণ করেন। এর আগে গত ৩০ জানুয়ারি পুলিশ টহল ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সুফিয়া খাতুনকে ধাক্কা  দিয়েছিল। তিনি কালীতলা মহল্লার প্রভাষক মো. মোস্তাফিজুর রহমানের স্ত্রী।

কে বি এম কলেজের সহকারী অধ্যপক আব্দুস সবুর জানান, গত ৩০ জানুয়ারি বিকেল ৪টায় অফিস থেকে অটোরিকশাযোগে শহরের চৌরঙ্গি মোড়ে এসে নামেন সুফিয়া খাতুন। সেখানে একটি বেকারি থেকে ছেলেমেয়েদের জন্য বিস্কুট কিনে রাস্তা পার হওয়ার সময় সুইহারীর দিক থেকে আসা একটি পুলিশ টহল ভ্যান তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়।