অন্তর্বর্তীকালীন কোচ রালফ রাংনিককে নিয়ে খুশি নয় ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা।
গত বছরের শেষ দিকে উলে গুনার সুলশারের স্থলাভিষিক্ত হন রাংনিক। এই ৬৩ বছর বয়সী ইউনাইটেডের হতাশার চিত্র দূর করবেন বলে আশা করা হচ্ছিল। কিন্তু এখন পর্যন্ত তেমন কিছু হয়নি। বরং খেলোয়াড়দের বিরক্তির কারণ হয়ে শিরোনামে আসছেন নিয়মিত।
শনিবার মিডলজব্রার বিপক্ষে টাইব্রেকারে হেরে এফএ কাপ থেকে বিদায় নিতে হয়েছে ইউনাইটেডকে। কোচের ওপর খেলোয়াড়রা যে সন্তুষ্ট নন সেটা পরিষ্কার হয়েছে এরপর। যদিও সেটা শুধু ম্যাচটা হারের কারণে নয়।
দ্য সান বলছে, মিডলজব্রার বিপক্ষে জেসি লিঙ্গার্ড খেলতে চাননি বলে প্রকাশ্যে যে মন্তব্য করেন রাংনিক, তা খেলোয়াড়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। লিঙ্গার্ড নিজেই বলেন, রাংনিকের কথা সম্পূর্ণ সত্যি ছিল না।
এর আগে অ্যান্থনি মার্টিয়ালকে নিয়েও রাংনিক এক মন্তব্য করেছিলেন, যা পরে অস্বীকার করেন মার্টিয়াল।
দ্য সানকে ইউনাইটেডের সূত্র বলেছে, ‘সময়টা এক সাথে থাকার, জনসমক্ষে কথা বলে বিভেদ সৃষ্টি করার নয়। সংবাদমাধ্যমে এই বিষয়গুলো প্রচার করা ইউনাইটেডের কাজ নয়।’