ই-কমার্স খাতে শৃঙ্খলা ফেরাতে ডিজিটাল বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (ডিবিআইডি) চালু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। গতকাল রবিবার ১১ প্রতিষ্ঠানকে এই সনদ দেওয়ার মাধ্যমে কার্যক্রমটির যাত্রা শুরু হয়।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় অংশীজনদের উপস্থিতিতে ডিবিআইডি নিবন্ধন প্রক্রিয়ার উদ্বোধন করেন।
এসময় টিপু মুনশি জানান, ই-ক্যাবের তালিকাভুক্ত ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৬০৯টি। ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানের সংখ্যা আড়াই হাজার। এই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা গেলে ই-কমার্স ব্যবসায় প্রতারণা দূর হবে। ভোক্তারা সুরক্ষিত থাকবে, প্রতারণায় জড়িত প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করা যাবে এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
তার আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে মন্ত্রণালয়ে দেশে ডিজিটাল কমার্স ব্যবসার সার্বিক পর্যালোচনা ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর অনলাইন রেজিস্ট্রেশন, অ্যাপস লঞ্চিং সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের জরুরি সভা হয়।
সভা শেষে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ‘ই-কমার্সের সৃষ্ট সংকট দূর করতে তিন মাস আগে আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম, আজ ডিবিআইডি চালুর মাধ্যমে তার একধাপ অগ্রগতি হলো। পর্যায়ক্রমে অন্য পদক্ষেপগুলো বাস্তবায়ন করা হবে।’ তিনি জানান, এ ছাড়া যেগুলো ট্র্যাকিং করা সম্ভব নয়, তাদের বিষয়ে দেখভালের জন্য আরও একটি ইন্টার অপারেটর ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হবে। চার কর্মসূচির কার্যকর পদক্ষেপে ই-কমার্স খাতকে বিতর্কমুক্তভাবে এগিয়ে নেওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ই-ক্যাব সভাপতি শমী কায়সার বলেন, ‘কয়েকটি প্রতিষ্ঠান প্রতারণার কারণে তার দায়ভার সব ই-কমার্স খাতে পড়ছে। ই-কমার্স খাতকে প্রতারণা থেকে দূরে রাখতে এবং এর ভবিষ্যৎ সুষ্ঠু পরিচালনার মাধ্যমে আরও প্রসারের লক্ষ্যে যে ডিবিআইডি কার্যক্রম শুরু হচ্ছে, আশা করছি এতে ই-কমার্স তার সম্ভাবনা মেলে ধরতে সক্ষম হবে।’
অনুষ্ঠানে সিনিয়র বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, ডিজিটাল কমার্স প্রধান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান, ডব্লিউসিএলের মহাপরিচালক অতিরিক্ত সচিব হাফিজুর রহমান, উপসচিব মোহাম্মদ সাঈদ আলী, ই-ক্যাবের সভাপতি শমী কায়সার ও সাধারণ সম্পাদক ওয়াহেদ আলম তমাল, সিনিয়র সহসভাপতি শাহাব উদ্দিন শিহাব প্রমুখ উপস্থিত ছিলেন।