বাংলাদেশসহ ৮ দেশ থেকে কর্মী নেবে সৌদি

বাংলাদেশসহ আটটি দেশ থেকে গৃহকর্মী নিয়োগ দিতে যাচ্ছে সৌদি আরব। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় আফ্রিকা ও এশিয়ার আট দেশ থেকে শিগগিরই গৃহকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। সৌদি আরবের এক কর্মকর্তার বরাত দিয়ে গত শনিবার এ তথ্য দিয়েছে দৈনিক গালফ নিউজ।

সৌদি আরবের অর্থনৈতিক সংবাদপত্র আল ইকতিসাদিয়াহকে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র সাদ আল হামিদ বলেছেন, নতুন এ আট দেশ থেকে গৃহকর্মী নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। অন্য ১৬টি দেশের সঙ্গে ওই দেশগুলো থেকেও গৃহকর্মী নেওয়া হবে। বর্তমানে যেসব দেশ থেকে সৌদি আরবে গৃহকর্মী নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে, সেগুলো হলো ফিলিপাইন, নাইজার, ভারত,

পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, মৌরিতানিয়া, উগান্ডা, ইরিত্রিয়া, দক্ষিণ আফ্রিকা, মাদাগাস্কার,

উজবেকিস্তান, কম্বোডিয়া, মালি ও কেনিয়া। যথাসময়ে গৃহকর্মীদের বেতন না দেওয়া, জোর করে তাদের পাসপোর্ট আটকে রাখাসহ বিভিন্ন ধরনের সহিংসতার ঘটনা যেন না ঘটে সে বিষয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেন আল হামিদ।

সৌদি আরবে বর্তমানে নিয়োগ অফিসের সংখ্যা ১ হাজার ২১৫। অন্যদিকে নিয়োগ কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছে ৪৩। দেশটিতে বাড়িঘরের ব্যবস্থাপনা, চালক, গৃহকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, রাঁধুনীসহ বিভিন্ন ধরনের গৃহকর্মের কাজের জন্য লোক নিয়োগ দেওয়া হয়।

সম্প্রতি সৌদি আরবের শ্রম কর্র্তৃপক্ষ দেশটির শ্রমবাজার নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়েছে। এজন্য দেশটিতে মুসানেদ লেবার প্রোগ্রাম উদ্বোধন করা হয়। অধিকার ও দায়িত্ব সম্পর্কে কর্মীদের অবগত করা, ভিসা ইস্যু, নিয়োগের অনুরোধ এবং নিয়োগকর্তা ও কর্মীদের চুক্তিভিত্তিক সম্পর্কসহ বিভিন্ন সেবার বিষয়ে জানাতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানা গেছে।