হেডফোন ট্রেনের নিচে টেনে নিল কলেজছাত্রীকে

নরসিংদীর পলাশে ট্রেনের ধাক্কায় জয়া দাশ (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। গতকাল রবিবার দুপুরে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়া পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের ভালুকাপাড়া গ্রামের তপন দাশের মেয়ে। তিনি গাজীপুরের কালীগঞ্জের সেন্ট মেরি গার্লস কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল দুপুরে কানে মোবাইল ফোনের হেডফোন গুঁজে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনের রেললাইন ধরে হাঁটছিলেন জয়া। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন ওই রেললাইন ধরে আসলেও কানে হেডফোন থাকায় ট্রেনটির শব্দ শুনতে পাননি তিনি। ট্রেনটি পেছন থেকে ধাক্কা দিলে রেললাইনের ওপর ছিটকে পড়েন জয়া। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল আলম দেশ রূপান্তরকে বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যে কানে হেডফোন থাকার কারণে ট্রেনের শব্দ শুনতে পারেনি নিহত ওই কলেজছাত্রী। যার ফলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার খবর পেয়ে আমরা ফাঁড়ির পুলিশ ও নরসিংদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জয়া দাশের মরদেহ উদ্ধার করি। এ ঘটনায় তার পরিবারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’