সিরাজগঞ্জে তথ্যমন্ত্রী

বিএনপি নেতারা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ হলেও তার দলের নেতাকর্মীরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। কারণ তারা আন্দোলনের আর কোনো ইস্যু খুঁজে পাচ্ছেন না।

গতকাল রবিবার দুপুরে সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘দেশের বর্তমান উন্নয়ন কর্মকাণ্ড দেখে বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে। তাই তাদের দলের চেয়ারপারসনের অসুস্থতার কথা বাদ দিয়ে এখন দেশের বদনাম বিদেশে করার জন্য লবিস্ট নিয়োগ করেছে।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ভূয়সী প্রশংসা করছেন বিশ্ব নেতৃবৃন্দ। তারা বলেছেন, শেখ হাসিনার উন্নয়ন এখন বিশ্বের রোলমডেল। আর খালেদা জিয়া তার শাসন আমলে লুটপাটের রাজত্ব কায়েম করেছিলেন।’

এ সম্মেলন উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান। এতে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ-২ (সদর আংশিক-কামারখন্দ) আসনের এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের এমপি মেরিনা জাহান কবিতা, কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা প্রমুখ।