নরসিংদীর পলাশে স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ করেছে বখাটেরা। গত শনিবার এ ঘটনার পর রাতে ঘোড়াশাল এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে পুলিশ। ওইদিন বিকেলে পলাশের জনতা জুটমিলের এক কর্মচারী তার স্ত্রীকে নিয়ে ঘোড়াশাল ফ্লাগ রেলস্টেশনে ঘুরতে বেরিয়ে ছিলেন।
আটককৃতরা হলো, পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়া গ্রামের রাজিব (৩০) ও চামড়াব গ্রামের রিফাত (২০)।
পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলে ঘুরতে বের হন ওই দম্পতি। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘোড়াশাল ফ্লাগ রেলস্টেশনে একটি দোকানে তারা ঝাল মুড়ি খান। এ সময় টেঙ্গরপাড়ার রাজিব ও রিফাতসহ আরও এক বখাটে ওই দম্পতিকে ডেকে জানতে চায় তারা স্বামী-স্ত্রী কি না? একপর্যায়ে ওই স্বামীকে মারধর করে আটকে রেখে গৃহবধূকে নিয়ে রেলস্টেশন থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
স্বামী কোনো উপায় না পেয়ে ৯৯৯ কল করেন। পরে শনিবার রাতে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) জহিরুল আলম, এসআই মাজেদুর রহমান ও সঙ্গীয় ফোর্স বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই বখাটে যুবক রাজিব ও রিফাতকে আটক করে। ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) জহিরুল আলম বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমরা অভিযান চালিয়ে দুজনকে আটক করি। তাদের বিরুদ্ধে ধর্ষণের ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াস বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ঘটনার সঙ্গে তিনজন জড়িত ছিল। আমরা দুজনকে আটক করে নরসিংদী রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি। ভুক্তভোগীদের কাছ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।