অধিনায়ক হওয়ার দিনে টেম্পারিং করে ধরা পড়লেন বোপারা

মোসাদ্দেক হোসেনের জায়গায় রবি বোপারাকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে সিলেট সানরাইজার্স। এই সিদ্ধান্তের পর সিলেটের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই বল টেম্পারিং করে ধরা পড়লেন ইংলিশ অলরাউন্ডার।

বিপিএলে সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে খেলছে সিলেট। ম্যাচের টসের সময় দলটির অধিনায়ক বদলের বিষয়টি সামনে আসে। মোসাদ্দেকের জায়গায় বোপারাকে টস করতে দেখা যায়।

পরে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, মোসাদ্দেক নিজে থেকেই সরে যেতে চেয়েছেন। তাই বোপারাকে নতুন অধিনায়ক করা হয়েছে। যদিও বাজে পারফরম্যান্সের কারণে চার ম্যাচ খেলে বাদ পড়েছিলেন একাদশ থেকে।

এর মধ্যে আবার নতুন দায়িত্ব পেয়েই নেতিবাচক খবরের শিরোনাম হলেন বোপারা। বল টেম্পারিং করে আম্পায়ারদের হাতে ধরা পড়েছেন। তার দল সিলেটকে ৫ রান পেনাল্টিও দিতে হয়েছে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছিল সিলেট। খুলনার ইনিংসের নবম ওভারে ওই কাণ্ড ঘটান বোপারা। তার নখ দিয়ে বল খোঁটার দৃশ্য টিভি পর্দায় ধরা পড়ে। যা চোখ এড়ায়নি আম্পায়ারদেরও।

বোপারার ওই ওভারের তৃতীয় ডেলিভারির পর বল পরখ করে দেখেন আম্পায়াররা। আকৃতি পরিবর্তন হওয়ায় তাৎক্ষণিক বদলে ফেলা হয় বল। পাশাপাশি ৫ রান যোগ করা হয় প্রতিপক্ষের স্কোরে। বিপিএলের সব আসর মিলিয়ে বল টেম্পারিংয়ের কারণে শাস্তি হওয়ার ঘটনা এটিই প্রথম।

বোপারা বিপিএলে অনেক পুরোনো মুখ। ২০১৩ আসর থেকে এই টুর্নামেন্টে খেলছেন তিনি। এটি তার ৬৬তম ম্যাচ, বিপিএলে বিদেশি ক্রিকেটারদের মধ্যে যা সর্বোচ্চ।

বোপারা এদিন তার বোলিংয়ের ৪ ওভারের কোটাই পূরণ করেন। ৩৪ রান খরচায় কোনো উইকেট পাননি। খুলনা নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৮২ রানের পুঁজি গড়েছে। সৌম্য সরকার ৬২ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলেন। মুশফিকুর রহিম ৩৮ বলে অপরাজিত ৬২ রান করেন।